Last Updated:
মাফিয়া আতিক আহমেদের ছোট ছেলে আবানের শেষকৃত্য ঘিরে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর সামনে এসেছে। সূত্রের দাবি, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষিত এবং দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে পলাতক আতিকের স্ত্রী শাইস্তা পারভিন তাঁর ছেলেকে শেষবারের মতো বিদায় জানাতে কসারি-মসারি কবরস্থানে পৌঁছেছিলেন। বোরখার আড়ালে একদল মহিলার সঙ্গে তিনি কবরস্থানের পিছনের ভাঙা দেওয়ালের পথ দিয়ে ভিতরে প্রবেশ করেন। দাবি করা হচ্ছে, সেই সময় পুলিশের পুরো নজর ছিল ভিড় নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণভাবে শেষকৃত্য সম্পন্ন করার দিকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে শাইস্তা ছেলের মুখ শেষবারের মতো দেখে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান।
সর্বেশ দুবে, প্রয়াগরাজ: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসী যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘গ্যাংস্টার’ আতিক আহমেদের কনিষ্ঠ পুত্র আবান আহমেদের। দুর্ঘটনার পর যখন স্থানীয়েরা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে আরোহীদের বার করার চেষ্টা করছিলেন, সেই সময় তাঁরা দেখতে পান গাড়ির সামনের আসন এবং দুমড়ে যাওয়া বনেটের মাঝে আটকে রয়েছেন এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে আতিক আহমেদের ছেলের গাড়িটি। পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতরে পাঁচ জন ছিলেন। সামনে আসনে বসেছিলেন আতিকের পুত্র আবান আহমেদ। পিছনের আসনে তাঁর তিন বন্ধু। মহম্মদ জায়েদ, উমর এবং আসলাম নামে ওই তিন যুবক আহত হয়েছেন। তবে আবান এবং তাঁর বন্ধু সোনুর মৃত্যু হয়েছে। শনিবার ছিল আবানের শেষকৃত্য ৷ সূত্রের দাবি, আতিক আহমেদের স্ত্রী এবং ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষিত শাইস্তা পারভিনও বোরখা পরে সেখানে এসেছিলেন।
