Last Updated:
আগামী পাঁচ বছর আমেরিকার থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন খোদ মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷
নয়াদিল্লি: খরা কাটিয়ে অর্থনৈতিক ‘পার্টনারশিপ’ এগোচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে৷ আগামী পাঁচ বছর প্রযুক্তি, কৃষি-সহ একাধিক ক্ষেত্রে আগামী পাঁচ বছরে ভারত আমেরিকার থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কৃষি, প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে দুই দেশের মধ্যে৷ ২ দেশের মধ্যে সম্পর্ক উন্নতির জন্য ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের প্রশংসা করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷
রবিবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এক্স হ্যান্ডেলে মার্কিন কূটনীতিবিদ সার্জিও গোর এবং আমেরিকার কূটনীতিকদের ভূয়সী প্রশংসা করে তিনি লেখেন, ‘‘@USAmbIndia সার্জিও গর এবং আমাদের মার্কিন কূটনীতিকদের অসাধারণ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ। তাঁদের প্রচেষ্টার ফলেই আগামী পাঁচ বছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিক্ষেত্র বিশেষ গুরুত্ব পাবে। তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন জনগণের হয়ে দুর্দান্ত কাজ করছেন।
এই পোস্টের সঙ্গে তাঁর ভারত সফরের বেশ কিছু মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন রুবিও৷ ছবিতে রুবিওকে ভারতীয় শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক ও কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। ছবিগুলিতে রাষ্ট্রদূত সার্জিও গর এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিদেরও দেখা গিয়েছে।
প্রসঙ্গত, চার দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছনোর পরই রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর রুবিও এক্স-এ লেখেন, “নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি, ভারত-আমেরিকার জ্বালানি অংশীদারিত্ব, গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলা সুরক্ষা এবং উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত।”
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রুবিও স্পষ্ট করেছেন যে ইরানকে ‘বিশ্বের জ্বালানি বাজার আটকে রাখতে দেবে না আমেরিকা’, এদিন স্পষ্ট করলেন মার্কো রুবিও৷ পাশাপাশি তিনি বলেন, আমেরিকার জ্বালানি রফতানি ভারতের জ্বালানি সরবরাহকে আরও সাহায্য করতে পারে।
প্রধানমন্ত্রী মোদিও এই বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, “মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-আমেরিকা সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বকল্যাণে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ চালিয়ে যাবে।”
Kolkata,West Bengal
