Last Updated:
Tollywood EIMPA: Tollywood EIMPA: প্রথমে মিটিং ছেড়ে বেরিয়ে আসেন সভাপতি পিয়া সেনগুপ্ত। এমনকী তিনি থানায় যাবেন বলেও জানান। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ফের বৈঠক শুরু হয়। মে মাসের শুরুতে ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল সংগঠনের কিছু প্রযোজক। পাল্টা লিখিত অভিযোগ দায়ের ইমপা-রও।
কলকাতা: ইমপার মিটিংয়ে পিয়া সেনগুপ্তকে ঘিরে বিক্ষোভ, হুলুস্থুল কাণ্ড! ইমপার সভাপতি পদে আছেন পিয়া সেনগুপ্ত। সেই পদ থেকে পিয়া সেনগুপ্তকে অপসারণের দাবিতে বিক্ষোভ। বৈঠকে তুলকালাম, দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির অভিযোগ। অভিযোগ, পিয়া সেনগুপ্তর উদ্দেশ্যে ‘ফাইল চোর’ স্লোগান দেওয়া হয়।
২২ মে শুক্রবার ইমপার বৈঠক ছিল। সদস্যদের আসতে বলা হয় বিশেষ মিটিংয়ের জন্য। অভিযোগ, এদিন ইমপা-তে প্রথম থেকেই অশান্তি শুরু হয়ে যায়। সভাপতির অভিযোগ, যাঁরা ইমপা-র সদস্য নন, এমন কয়েকজন ঢুকে পড়েছিলেন ইমপা-তে। সূত্রের খবর, প্রথমে থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা বললেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদলান পিয়া সেনগুপ্ত। ফের মিটিং করতে যান। সাংবাদিকদের কাছে পিয়া জানান, এদিনের বৈঠকে সদস্য নন, এমন অনেকে আছেন। তিনি চান না, তাঁরা মিটিংয়ে থাকুন। পিয়ার দাবি, শুধু সদস্যরাই ইমপার বৈঠকে থাকবে। পাশাপাশি তাঁর অভিযোগ, কিছু প্রযোজক-পরিচালক বাইরে থেকে লোক নিয়ে এসেছেন। তাঁদের তিনি মিটিংয়ে রাখতে চান না। পিয়ার অভিযোগ, তাঁর দিকে তেড়ে আসা হলে তিনি মিটিং ছেড়ে বেরিয়ে আসেন।
২ মে চতুর্থ বারের জন্য সমস্ত সদস্যদকে নিয়ে সাধারণ বৈঠক করার ডাক দেন ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত। এ দিন বৈঠকের আগেই ধুন্ধুমার সংগঠনের অফিসে। পিয়ার অভিযোগ, যাঁরা সদস্য নন, তাঁরাও বৈঠকে এসেছেন! পাশাপাশি, তাঁর অভিযোগ, তাঁকে অপমান করা হয়েছে, তাঁর দিকে নাকি তেড়েও আসেন কয়েক জন।
সূত্রের খবর, এদিনের ধ্বনিভোটে অস্থায়ী সভাপতি পদে রতন সাহার নাম উঠে আসে। কিন্তু সেটা মানতে অস্বীকার করেন বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত। তাঁর দাবি, “যেরকম গণতান্ত্রিক পদ্ধতিতে আমি নির্বাচিত হয়েছি, সেভাবেই আমাকে সরানো হোক। ওরা পুলিশকেও মানছে না! নিজেরাই কমিটি গঠন করবে। আমরা আইনের পথে হাঁটব। আইনি লড়াই হবে, তারপর ওরা যা পারে করুক।” এদিন পিয়া সেনগুপ্ত ছাড়াও বেশ কজন ইম্পা সদস্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের দাবি তোলেন।
Kolkata,West Bengal
