Last Updated:
Dilip Ghosh Jhalmuri Song: বঙ্গ রাজনীতিতে ঝালমুড়ি এনেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ঝালমুড়ির গান রেকর্ড দিলীপ ঘোষের। সোশ্যাল মিডিয়ায় আসতেই ঝড় তুলল ভাইরাল গান। কী লেখা লাইনগুলিতে?
কলকাতা: সোমবার সাতসকালে নিউটাউনের ইকো পার্কের প্রাতঃভ্রমণ সেরেই কোথায় গেলেন মন্ত্রী দিলীপ ঘোষ? করলেনই বা কী? এই নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সূত্রের খবর, এদিন সকাল সকাল ইকো পার্ক থেকে প্রবীণ রাজনীতিবিদ পৌঁছে যান চিনার পার্কের সামনে একটি স্টুডিওতে। সেখানেই অন্য চেহারায় দেখা গেল মন্ত্রী দিলীপ ঘোষকে।
দিলীপ ঘোষ কী করলেন রেকর্ডিং স্টুডিওতে?
পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে ঝালমুড়ি খেয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা বাংলার চিরাচরিত স্ট্রিট ফুডকে রীতিমতো ভাইরাল করে দিয়েছিল দেশ জুড়ে, এমনকি বিদেশের মাটিতেও। আর তাতেই নিমেষে সেই ঝালমুড়ি মানুষের মধ্যে ফেমাস হয়ে ওঠে। রীতিমতো তাক লাগিয়ে এবার সেই জনপ্রিয় ট্রেন্ডিং মশলামুড়ি বা ঝালমুড়ি নিয়েই গান গাইলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
ঝালমুড়ি নিয়েই গান বেঁধেছেন শিল্পী লোকেশ গিরি এবং তাঁর স্ত্রী শিল্পী রিমাশ্রী। আর সেই গানেই গলা দিলেন খোদ মন্ত্রী দিলীপ ঘোষের। আর সেই গানের লাইন ইতিমধ্যেই নেটপাড়ার মানুষের মুখে মুখে। কী লেখা আছে গানের ছত্রে ছত্রে?
“সাদা সাদা মুড়ি পাবে সরু মোটা মুড়ি”
“উনুনে চালকে গরম বালিতে যেই না নাড়ানাড়ি, সাদা সাদা মুড়ি পাবে সরু মোটা মুড়ি।” গানের মধ্যে দিয়েই কী ভাবে মুড়ি দিয়ে বানানো হয় বাংলার ঘরে ঘরে জনপ্রিয় এই ঝালমুড়ি, তারও হদিস দিয়েছেন শিল্পী তথা সঙ্গীতকার। এরপরে “ঠকঠকাঠক ক্যানে চামচে নাড়ানাড়ি, হে হে হে, তৈরি আমাদের ঝালমুড়ি”।

দিলীপ ঘোষের গান রেকর্ড
রাজনৈতিক নেতাদের নানা ট্যালেন্টের ঝলক তো আমরা প্রায়ই পেয়ে থাকি। নেতাদের মধ্যে কেউ যদি ভাল গায়ক, তো কেউ আবার সেরা অভিনয়ে, আবার কেউ কেউ ভাল ছবিও আঁকেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দিলীপ ঘোষ। অনেকেই যদিও তাঁকে অত্যন্ত চাঁচাছোলা মানুষ হিসেবেই চেনেন, তবে যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন তাঁরা অনেকেই রাখেন দিলীপ ঘোষের আমুদে মেজাজের খোঁজ।
রাজনীতির মঞ্চে তাঁর পরিচয় একজন স্পষ্ট কথার মানুষ বা নেতা হলেও যে কোনও বিষয় নিয়ে বিরোধীদের কড়া ভাষায় কটাক্ষ ছুঁড়ে দেন প্রায়ই। দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য এর আগেও বার বার ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এবার তাঁর ঝালমুড়ি নিয়ে গান গাওয়া নতুন করে তাঁকে নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে।
Kolkata,West Bengal
