চেন্নাই: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই এ মরশুমের আইপিএলের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’। টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs MI), একে অপরের মুখোমুখি হবে। আর এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই তারকার ছড়াছড়ি। ম্যাচের আগে এমনই এক তারকাখচিত ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল।
ম্যাচের আগের রাতে অনুশীলনের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করেন সূর্যকুমার যাদব। সেই ছবি ঘিরেই যত চর্চা। কী এমন আছে সেই ছবিতে? আসলে সেই ছবিটির বিশেষত্ব হল ছবির ত্রিমূর্তি। ছবিতে সূর্যকুমার যাদবের (SuryaKumar Yadav) সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতীয় দল এখনও পর্যন্ত তিন তিনটি টি-২০ বিশ্বকাপ জিতেছে। সেই তিন বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন এই ত্রিমূর্তি। সেই কারণেই এই ছবিটি এত তাৎপর্যপূর্ণ।
Group DP mil gaya. Bas group name suggest karo 🤔 pic.twitter.com/TpWADid1f7
— Surya Kumar Yadav (@surya_14kumar) May 1, 2026
সূর্যকুমার যাদব এই ছবিটি পোস্ট করে তাঁর ক্যাপশনে লেখেন, ‘গ্রুপ ডিপি পেয়ে গিয়েছি। খালি কেউ গ্রুপের নামটা কী হবে বলুন।’ অনেকেই সূর্যর অনুরোধ অনুসারে এই গ্রুপের নামকরণও করে। একজন লেখেন, ‘কাপ-টানস’। কেউ আবার তিন তারকার নামের আদ্যাক্ষর দিয়ে ‘ডিআরএস’ নামটির পরামর্শ দেন।