Last Updated:
SSC Teachers Recuritment: ‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বললেন চাকরিপ্রার্থীরা। টানলেন আগের সরকারের কথাও। জনতার দরবারের হাত ধরেই কি খুলবে ২০১৬-এর চাকরিহারাদের সমস্যার জট?
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে এসে দেখা করলেন বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের মোট ৩৫টি সংগঠন। একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে দরবার করলেন তাঁরা। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানালেন, তাঁরা আশ্বস্ত।
চাকরিহারা সদস্যদের প্রতিনিধি দুই শিক্ষক বলেন, “আশা করছি, এবার ভাল হবে। আগের মুখ্যমন্ত্রী, কেন এমনকি আমলাদের কাছেও দাবি জানিয়ে পৌঁছতে পারিনি। মুখ্যমন্ত্রী শুনলেন আমাদের সব কথা। তিনি জানিয়েছেন কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে। আদালত ও ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা মারফত সমস্যা সমাধানের চেষ্টা করব এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।”
চাকরিপ্রার্থীদের প্রতিনিধি সুমন বিশ্বাস ২০১৬ এর ২৬ হাজার বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন আজ। যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর দাবিতে জনতার দরবারে উপস্থিত ছিলেন চাকরিহারাদের বেশ কয়েকটি সংগঠন।
উল্লেখ্য জনতার দরবারের দ্বিতীয় দিনে আজ চাকরিপ্রার্থীদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আহ্বানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। ছিলেন আরও সংগঠনের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হন তাঁরা।
প্রসঙ্গত, ওএমআর-এর ভিত্তিতে যোগ্যতার মাপকাঠিতে বৈধদের চাকরি ফেরানোর দাবি বহুদিন ধরেই তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। সরকারে বদলের পর এবার তাঁরাই আশায় বুক বাঁধছেন। বর্তমান রাজ্য সরকারের কাছে তাঁদের দাবি জানাতে আজ শুভেন্দু অধিকারী সঙ্গে দেখা করলেন চাকরিপ্রার্থী সংগঠনের সদস্যরা।
এর আগে গত সোমবারই ‘জনতার দরবার’ শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই সল্টলেকে বিজেপির দলীয় দফতরে শুরু হয় সেই কর্মসূচি। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন অনেকেই। চাকরিপ্রার্থী ছাড়াও হাজির ছিলেন সমাজের বিভিন্ন স্তর থেকে আসা বহু মানুষ।
Kolkata,West Bengal
May 25, 2026 11:38 AM IST
