কলকাতা: ধারাবাহিকের হাত ধরে তিনি যখন অভিনয়ে পা রেখেছিলেন, তখন যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। ধারাবাহিকের নায়িকা হিসেবেই অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি, এরপরে কাজ করেছেন বড়পর্দাতেও। তবে দীর্ঘদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ নিষ্ক্রিয় তিনি। ধারাবাহিকের কাজও কমে এসেছে তাঁরা। আর সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই অভিনেত্রী যে সমস্ত ছবি শেয়ার করেন তিনি, তাতে তাঁর অনেকটাই পরিবর্তন চোখে পড়েছে দর্শকের। গত কিছু মাসে অভিনেত্রীর ওজন বেড়েছে অনেকটাই। চেহারায় পরিবর্তন এসেছে তাঁর, চোখে মুখেও এসেছে পরিবর্তনের ছাপ। কী হয়েছে অভিনেত্রীর? সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত একটি ভিডিও শেয়ার করে সবটা বললেন, অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)।
বেড়েছে ওজন, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার! অবশেষে মুখ খুললেন অনামিকা
সোশ্যাল মিডিয়ায় একটি মিনিট দশেকের ভিডিও শেয়ার করেছেন অনামিকা। তিনি জানিয়েছেন, শুধু ওজনবৃদ্ধি নয়, একাধিক সমস্যার সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। সবটাই শারীরিক সমস্যা আর তারই ফলস্বরূপ এই ওজন বৃদ্ধি। অনামিকা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে জানিয়েছেন, তাঁর থাইরয়েড থেকে শুরু করে, একাধিক গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছেন তিনি। PCOD, PCOS-এর সমস্যা ছাড়াও, ওভারি এবং ইউটেরাসেরও সমস্যা রয়েছে অভিনেত্রীর। সেই কারণে তাঁর চিকিৎসা চলছে। ওষুধের ফলে কিছুটা ওজন বেড়েছে অভিনেত্রীর। পাশাপাশি ওষুধের প্রভাবেই চোখের তলায় কালির মতো সমস্যা তৈরি হয়েছে তাঁর। অভিনেত্রী স্পষ্টই জানিয়েছেন, তিনি মোটেই অবসাদে নেই অথবা কোনও মানসিক সমস্যা হয়নি তাঁর। তিনি খুশি আছে, ভাল আছেন এবং তাঁর ভালবাসার মানুষেরা ঘিরে রয়েছেন তাঁকে। অনামিকা বলেছেন, তাঁর স্বামী, মা এবং দাদু তাঁকে ভীষণভাবে সমর্থন করছেন। তিনি শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন এবং ফের ফিরে আসবেন।
অনামিকা আরও জানিয়েছেন, ওষুধের প্রভাবে তাঁর ডাবল চিনের মতো সমস্যা তৈরি হয়েছে। এর ফলে তাঁর মুখ অনেকটাই মোটা দেখাচ্ছে। অভিনেত্রী জানান, তিনি একটি ধারাবাহিক শুরু করেছেন। সেখানে তাঁকে হয়তো ক্যামেরায় কিছুটা মোটা দেখাচ্ছে। কিন্তু ওজন কমাতে অনেকটাই সময় লাগবে তাঁর। পাশাপাশি অনামিকা বলেছেন, তিনি নেতিবাচক মন্তব্যে কান দেন না। তিনি ওজন কমানোর জন্য কোনও তাড়াহুড়ো ও করতে চান না। কারণ একটা দীর্ঘ চিকিৎসার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসা শেষ হলে, তবেই ওজন কমাতে পারবেন। পাশাপাশি অনামিকার মত, তিনি অভিনয় ছাড়া সত্যিই আর কখনও কিছু করেননি। ফলে তিনি অভিনয়টাই করে যাবেন। আর রোগা বা মোটা নয়, অভিনয় দিয়েই তাঁকে বিচার করা উচিত।
আরও পড়ুন: Jeetu Kamal: ‘… অস্বীকার করছি না…’, বিগ বসের ঘরে কবে পা রাখছেন জিতু কমল? এবিপি লাইভকে বললেন…