কলকাতা: ১ কোটি টাকা জমিয়ে ফেলতে কে না চায়। সোজা বাংলায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে প্রায় প্রতিটা মানুষই। অবসরকালীন সুরক্ষা, সন্তানের উচ্চশিক্ষার খরচ বা আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য অনেকেই এই লক্ষ্যে পৌঁছতে চান। বিশেষজ্ঞদের মতে, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হতে পারে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে?
এসআইপির মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। এতে বাজারের ওঠানামা নিয়ে আলাদা করে সময় নির্ধারণ করতে হয় না। দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি হারের সুবিধা এবং নিয়মিত বিনিয়োগের ফলে বড় তহবিল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
যদি ২৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করা যায়, তাহলে অবসর গ্রহণের বয়স ৬০ বছর পর্যন্ত হাতে থাকে ৩৫ বছর। বছরে গড়ে ১২ শতাংশ রিটার্ন ধরে হিসাব করলে মাসে মাত্র ২,০০০ টাকা এসআইপিতে বিনিয়োগ করলেই মোট বিনিয়োগ হবে ৮.৪ লক্ষ টাকা। সম্ভাব্য রিটার্ন হতে পারে প্রায় ১.০২ কোটি টাকা এবং মেয়াদ শেষে তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১.১ কোটি টাকা।
৩০ বছর বয়সে শুরু করলে ৩০ বছরের জন্য প্রতি মাসে প্রায় ৩,৩০০ টাকা বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে মোট বিনিয়োগ হবে ১১.৮৮ লক্ষ টাকা এবং সম্ভাব্য তহবিল হবে প্রায় ১.০২ কোটি টাকা।
৩৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করলে মাসিক এসআইপির পরিমাণ বেড়ে প্রায় ৬,০০০ টাকা করতে হবে। ২৫ বছরে মোট বিনিয়োগ হবে ১৮ লক্ষ টাকা এবং সম্ভাব্য তহবিল দাঁড়াতে পারে প্রায় ১.০২ কোটি টাকা।
অন্যদিকে, ৪০ বছর বয়সে শুরু করলে হাতে থাকবে মাত্র ২০ বছর। সেই ক্ষেত্রে বছরে ১২ শতাংশ সম্ভাব্য রিটার্ন ধরে ১ কোটি টাকার বেশি তহবিল গড়তে প্রতি মাসে প্রায় ১১,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। মোট বিনিয়োগ হবে ২৬.৪ লক্ষ টাকা এবং সম্ভাব্য তহবিলের পরিমাণ হবে প্রায় ১.০১ কোটি টাকা।
তবে এই সমস্ত হিসাব বছরে ১২ শতাংশ সম্ভাব্য রিটার্নের ভিত্তিতে তৈরি এবং শুধুমাত্র উদাহরণ হিসেবে ধরা হয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকির অধীন, ফলে প্রকৃত রিটার্ন বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট স্কিমের পারফরম্যান্সের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)