কলকাতা: পায়ে পায়ে জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর বছর ঘুরতে চলল। ১৯ নভেম্বর ঘটে গিয়েছিল সেই দুর্ঘটনা। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে গিয়ে, স্কুবা ডাইভিং করতে নেমে তলিয়ে যান জনপ্রিয় সঙ্গীতশিল্পী, জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে এখনও রহস্য জমাট হয়ে রয়েছে। কেন কোনও সুরক্ষা না নিয়েই জলে নেমেছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী, জলের মধ্যে কী তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন? বুঝতে পারেননি স্কুবা ড্রাইভারের সংকেত? এমনই সব প্রশ্ন রয়েছে যার জবাব এখনও মেলেনি। আদালতে এখনও জুবিন গর্গের মৃত্যুর মামলা চলছে। আর আজ এই মামলায় সাক্ষ্য দিলেন, ঘটনার এক প্রত্যক্ষদর্শী। এই ব্যক্তির নাম, পরিক্ষীত শর্মা, Assam Association-এর সদস্য তিনি।
কোন পথে জুবিন গর্গের মৃত্যুর মামলা?
জুবিন এবং তাঁর কিছু সঙ্গীসাথী একটি ইয়টে উঠে সমুদ্রে গিয়েছিলেন। সেখান থেকেই স্কুবা ডাইভিং করেন তিনি। আর তারপরে আর সুস্থভাবে জল থেকে উঠে আসেননি তিনি। ঘটনার দিন, ওই ইয়টে ছিলেন,পরিক্ষীত শর্মাও। পুলিশের কাছে এই ঘটনা নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল, এখনও সেই মামলা চলছে। প্রথমে এই মামলা ছিল পুলিশের হাতে, এরপরে অসম পুলিশের Special Investigation Team (SIT) মামলার তদন্ত শুরু করে। এখনও সেই মামলার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পরে SIT ডিসেম্বর মাসে আদালতে চার্জশিট দাখিল করে। এই চার্জশিটে মোট ৭ জন অভিযুক্তের নাম রয়েছে। এর মধ্যে North East India Festival-এর আয়োজক শ্যামকানু মহন্ত, জুবীনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তাঁর ব্যান্ডের সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং গায়ক অমৃতপ্রভা মহন্তর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলার শুনানি দ্রুত শেষ করতে গুয়াহাটি হাইকোর্ট এই বছরের মার্চ মাসে, একটি আলাদা ফাস্ট-ট্র্যাক সেশন কোর্ট গঠন করেছিল। এই আদালতে মামলার প্রতিদিন শুনানি চলছে। মে মাসে সাত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, এর পরে মামলা এগিয়ে চলেছে। মামলায় সাক্ষীদের বয়ান রেকর্ড করার কাজ শুরু হয়েছিল, ৪ জুন থেকে। এরপর ধারাবাহিকভাবে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৪ অগাস্ট পর্যন্ত প্রসিকিউশন মামলায় তালিকাভুক্ত মোট ৩৯৪ জন সাক্ষীর মধ্যে ৯৪ জনের বয়ান রেকর্ড করেছে। এর মধ্যে সিঙ্গাপুরেও একাধিক সাক্ষীও রয়েছেন, যাঁদের বয়ান এখনও বাকি।