Last Updated:
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদী হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। হাসপাতালেই মৃত্যুর সঙ্গে যুদ্ধ থামল আরও এক গুলিতে জখম পরিযায়ী শ্রমিকের। জঙ্গি হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই শ্রমিক।
শ্রীনগর: ফের রক্তাক্ত কাশ্মীর৷ জঙ্গিদের হানায় প্রাণ গেল ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিকের ৷ শুক্রবার রাতে কুলগাম জেলায় আঘাত হানে সন্ত্রাসবাদীরা ৷ সেই ঘটনায় প্রথমে এক শ্রমিকের মৃত্যু হয় ৷ পরে শনিবার সকালে জানা যায়, দ্বিতীয় পরিযায়ী শ্রমিক ভূপিন্দরেরও মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসা চলাকালীন। তার আগে গত রাতেই নিহত হয়েছেন পরিযায়ী শ্রমিক দীপক রাত্রায় ৷
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় ৷ দক্ষিণ কাশ্মীরের কুলগামের কেলাম এলাকার একটি ইটের খাদানে হামলা চালায় জঙ্গিরা ৷ তাতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হয় ৷ পুলিশ জানিয়েছে, কুলগামের কেল্লাম এলাকায় অজ্ঞাত বন্দুকবাজরা শ্রমিকদের উপর এলোপাথাড়ি গুলি চালালে এই হামলাটি ঘটে।
এর মধ্য়ে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ যায় দীপক রাত্রে ৷ কিন্তু ভুপিন্দরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুয়োগ পাওয়া গেলেও শেষরক্ষা হল না ৷ প্রথমে তাঁকে অনন্তনাগের জিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকায় নিয়ে যাওয়া হয় সৌরার একটি হাসপাতালে ৷ সেখানেই তিনি প্রয়াত হন ৷ এর ঠিক দশদিন আগে আরও একবার রক্তে রাঙা হয়েছিল উপত্যকার মাটি ৷ সেই ঘটনাটি ঘটেছিল অনন্তনাগে ৷ জঙ্গিদের হানায় প্রাণ যায় এক পুলিশ কর্মীর ৷
লস্কর-ই-তৈবার (এলইটি) প্রক্সি সংগঠন রেসিস্টেন্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কেল্লামের একটি ইটভাটায় কাজ করার সময় হামলার শিকার হন শ্রমিকরা। বাইকে করে এসে আচমকা এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এরপরেই গুলি চালিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলি চালানোর আগে শ্রমিকদের নাম ও ধর্ম জিজ্ঞেস করা হয় বলেও পুলিশ সূত্রে খবর। নিরাপত্তাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং হামলাকারীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান শুরু হয়।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই হামলার নিন্দা করেছেন। দায়িত্বে থাকা পুলিশ কর্তা নলিন প্রভাত-সহ অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করতে এবং জড়িত সন্ত্রাসীদের নির্মূল করা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
Kolkata,West Bengal
