কলকাতা: বর্তমানে এমন অনেক মানুষ রয়েছে যাঁরা প্রথাগত ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের মাধ্যমে বিনিয়োগ করেন না। বদলে শেয়ার বাজারে বা বন্ডে বিনিয়োগ করেন। আবার অনেকেই এমন আছেন, যাঁরা এই সব ক্ষেত্রে একটু ভয় পান বলে সরাসরি ওই সব জায়গায় বিনিয়োগ না করে, SIP-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে আর বন্ডে করতে চাইলে ডেট মিউচুয়াল ফান্ডে। কিন্তু এর পরও অনেকে এমন কিছু ভুল করেন, যে ভুল করা বিনিয়োগের জন্য ঠিক নয়। আবার সেই ভুল খুব সহজেই শুধরে নেওয়া যায়। আর এর মধ্যে সব থেকে সাধারণ ভুল হল SIP-এর ইনস্টলমেন্ট মিস করা। কেন ইনস্টলমেন্ট মিস হয়? কী করলে সেই ভুল শুধরে নেওয়া যাবে? আর বিশেষজ্ঞরাই বা কী বলছে এই বিষয়ে?
আরও পড়ুন: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
অনেক ক্ষেত্রে হঠাৎ কোনও খরচ হয়ে যাওয়ায় ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকলে অটো ডেবিট মিস হতে পারে। এ ছাড়াও বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে কোনও কারণে বেতন আসতে দেরি হলেও অটো ডেবিট মিস হতে পারে। বা অনেকে থাকেন, যাঁরা অটো ডেবিট কে না। মনে করেন, প্রতি মাসে ম্যানুয়ালি এই বিনিয়োগ করবেন, তিনি ভুলে গেলেও এমন সমস্যা তৈরি হতে পারে। বিশেষজ্ঞ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, “SIP-এর ইন্সটলমেন্ট মিস হলে গেলেও বিনিয়োগ চালিয়ে যেতে হবে”।
এতে কী সমস্যা হতে পারে? আসলে এমন হলে দুই দিকেই সমস্যা হতে পারে। প্রথমত, যে ব্যাঙ্কের অটো ডেবিট অন করা রয়েছে সেই ব্যাঙ্ক পেনাল্টি বা রিটার্ন চার্জ কাটতে পারে। সেটা হল বিনিয়োগকারীর আর্থিক ক্ষতি। এ ছাড়াও এর প্রভাব পড়তে পারে ক্রেডিট স্কোরেও। কিন্তু আসল ক্ষতি সেখানে নয়, একটা ইনস্টলমেন্ট মিস করলে সব থেকে বড় প্রভাব পড়ে বিনিয়োগেই। এর ফলে ‘রুপি কস্ট অ্যাভারেজিং’-এ সুবিধা কমে যায়।
এর সব থেকে ভাল সমাধান হল আগামী মাসের টাকা চলতি মাসেই রেখে দিতে হব। অর্থাৎ, যে অ্যাকাউন্ট থেকে SIP-এর টাকা কাটে, সেই অ্যাকাউন্টে পরের মাসের টাকা আগের মাসেই রেখে দিতে হবে। এ ছাড়াও বেতন যে দিন অ্যাকাউন্টে ঢোকে, তার একদিন বা দু’দিন পর SIP যেন কাটে, সেই চেষ্টা করতে হবে।
এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? অভিনেতা তথা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, “এসআইপি এমন একটা জিনিস, তাতে একটা ইন্সটলমেন্ট মিস হলে গেলেও বিনিয়োগ চালিয়ে যেতে হবে। যদি কোনও মাসে মিস হয়ে যায়ও, তাহলে যখন খেয়াল হবে, সেই মুহূর্তে ওই টাকা বিনিয়োগ করে দিতে হবে। এখানে আসল উদ্দেশ্য হল বিনিয়োগ চালিয়ে যাওয়া। দেরি হলেও, বিনিয়োগ বন্ধ করলে হবে না।”
বিশেষজ্ঞের মতামত একান্তই তাঁর ব্যক্তিগত। তা ABP আনন্দ বা ABPLive.com-এর বক্তব্য নয়। ABP আনন্দ বা ABPLive.com কখনও কাউকে বিনিয়োগের পরামর্শ দেয় না। এই প্রতিবেদন শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে। শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে, বিনিয়োগের আগে কোনও বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন।