মুম্বই: হার্দিক পাণ্ড্যকে(Hardik Pandya) নিয়ে চর্চা চলছেই। আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে আগামী মরশুমে আইপিএলে(IPL 2027) খেলবেন? না কি ফের একবার মুম্বই শিবিরের ক্য়াপ্টেন হিসেবেই দেখা যাবে বঢোদরার অলরাউন্ডারকে? এই সব প্রশ্নের মাঝেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের একটি সোশ্য়াল মিডিয়া পোস্ট আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সেই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে হার্দিক কোনও নতুন ফ্র্য়াঞ্চাইজিতে নয়, মুম্বই শিবিরেই থাকবেন।
বুধবার সোশ্য়াল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হার্দিক পাণ্ড্য মুম্বইয়ের জার্সিতে অনুশীলন সারছেন। এটা কি কোনও বার্তা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্য়ে। তবে সমর্থকদের মধ্য়ে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও মিলেছে।
কোনও একপক্ষ মনে করছেন যে মুম্বই ইন্ডিয়ান্স এই ছবির মাধ্য়মেই বার্তা দিতে চাইছে যে হার্দিক অন্য় কোনও দলে নয়, মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবেই যে আগামী মরশুমে খেলবেন, তার আভাস দিয়ে দিল ফ্র্যাঞ্চাইজি।
আবার আরেক পক্ষ মনে করছেন যে এইভাবেই হার্দিককে ফেয়ারওয়েল দিতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। তাই সোশ্য়াল মিডিয়ায় তাঁর ছবি সহ পোস্ট করা হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিকের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৫-২০২১ পর্যন্ত এই দলেই ছিলেন। চারবার মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য হিসেবে আইপিএলও জিতেছেন। ২০২২-২০২৩ দুটো মরশুম গুজরাত টাইটান্সের ক্য়াপ্টেন ছিলেন। প্রথমবারেই চ্যাম্পিয়ন করেন দলকে। দ্বিতীয়বার গুজরাত হার্দিকের নেতৃত্বে রানার্স আপও হয়। তবে গুজরাত ছেড়ে ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছিলেন হার্দিক ২০২৪ সালে। তাও আবার ক্যাপ্টেন হিসেবেই। রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়। কিন্তু এরপর থেকে আর সাফল্য আসেনি। তাই মনে করা হচ্ছিল যে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে হয়ত আর দেখা যাবে না বঢোদরার অলরাউন্ডারকে। হয়ত নতুন কোনও দলে যোগ দেবেন তিনি।
অনেকগুলো দলের নামও শোনা যাচ্ছিল। সর্বভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী হার্দিক না কি নিজের থেকে গুজরাত টাইটান্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেক্ষেত্রে তিনি আশা করেছিলেন যে ফ্র্যাঞ্চাইজিকে তিনি তাদের প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হিসেবে, সেই ফ্র্যাঞ্চাইজিতেই ফিরে যেতে। কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত রেখেছিলেন হার্দিক। তিনি নেতৃত্ব চেয়েছিলেন। তবে গুজরাত শিবির গিলকেই অধিনায়ক হিসেবে রেখে দিতে চায়। তাই হার্দিককে ফেরানোর দাবিতে রাজি হয়নি। শোনা যাচ্ছে যে কেকেআরের ক্যাপ্টেন হিসেবেও যোগ দিতে পারেন তারকা অলরাউন্ডার। তবে পুরো ছবিটা হয়ত পরিষ্কার হবে কিছুদিনের মধ্যেই।