নয়াদিল্লি: গাড়ির বিমা না করালে আগামী দিনে পেট্রোল পাম্পে তেল নাও মিলতে পারে। কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নয়া প্রকল্পের সূচনা করতে বলেছে, যার আওতায় বৈধ বিমা বা ইনস্যুব়্যান্স না থাকলে যাতে পেট্রোল না কিনতে পারেন গাড়ি মালিকরা, তা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। দেশের ৫৬ শতাংশ যানবাহনের বৈধ ইনস্যুব়্যান্স নেই জেনে হতবাক দেশের শীর্ষ আদালত। আর তাই কেন্দ্রকে ‘No Insurance, No Fuel’ প্রকল্পের সূচনা করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং অগাস্টিন জর্জ মাসিহ্-র বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি, থার্ড পার্টি মোটর ইনস্যুব়্যান্স বাধ্যতামূলক করতে বলা হয়েছে। গাড়ির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নতুন কেনা থেকে চার বছর পর্যন্ত। দু’চাকার ক্ষেত্রে ছ’বছর পর্যন্ত। আদালত জানিয়েছে, নতুন গাড়ি কিনে রেজিস্ট্রেশনের সময়ই তিন বছরের জন্য এবং নতুন দু’চাকার ক্ষেত্রে থেকে পাঁচ বছর পর্যন্ত থার্ড পার্টি ইনস্যুব়্যান্স বাধ্যতামূক বলে আগেই জানানো হয়েছিল, ২০১৮ সালে। তার পরও অনিয়ম চোখে পড়ছে।
কেন্দ্রকে নির্দেশ দিতে গিয়ে আদালত বলে, “আমরা দেখতে পাচ্ছি যে আট বছর আগে নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ যানবাহনেরই বিমা নেই। IRDAI এবং GIC ওই সময়সীমা বৃদ্ধি না করার সুপারিশ করেছে। তবে আমাদের মতে, সড়ক নিরাপত্তার স্বার্থে সময়সীমা এক বছর বাড়ানো উচিত।” আদালতে একটি সংসদীয় কমিটির যে রিপোর্ট পেশ হয়, তাতে দেখা যায়, দেশের ৫৬ শতাংশ যানবাহন, অর্থাৎ ৩০ কোটির মধ্যে ১৬.৫৪ কোটি যানবাহনের ইনস্যুব়্যান্স নেই। আর তাতেই এমন নির্দেশ দিল আদালত।
সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুযায়ী জীবনের অধিকারকে সামনে রেখে আদালত জানায়, দুর্ঘটনার শিকার মানুষজন যাতে ক্ষতিপূরণ পান, শুধুমাত্র সেই জন্যই নয়, বরং তাঁদের দীর্ঘ আইনি প্রক্রিয়া থেকে মুক্তি দিতেই থার্ড পার্টি বিমা জরুরি। সড়ক এবং পরিবহণ মন্ত্রক, IRDAI-কে নয়া প্রকল্পের সূচনা করতে বলা হয়েছে, যাতে ইনস্যুব়্যান্স না থাকা গাড়ি, বাইক পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল, ডিজেল কিনতে না পারে। যে সমস্ত গাড়ির ইনস্যুব়্যান্স নেই, সেগুলিকে চিহ্নিত করতেও বলা হয়েছে।