Last Updated:
গ্রেফতার শওকত মোল্লা। শুক্রবার রাতে কামালগাজি থেকে গ্রেফতার করা হয় শওকতকে। তাঁর শাগরেদও গ্রেফতার হয়েছেন। শাগরেদের বাইকে পালানোর চেষ্টা করছিলেন শওকত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন শওকত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল NIA।
কলকাতা: অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা শওকত মোল্লা। এনআইএ তাকে শুক্রবার রাতে পাকড়াও করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই শওকত এলাকা ছাড়া ছিলেন। তদন্তকারীরা অনেকদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। শওকত মোল্লার মেয়ে অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে তাঁর বাবা গ্রেফতার হননি, আত্মসমর্পন করেছেন ৷ তাঁর কথায়, ‘‘গতকাল এনআইএ-র অফিসাররা যখন আমার ভাইকে ছাড়েন, তখন বলেছিলেন বাবাকে আসতে ৷ বাবা বাড়িতে ছিলেন না ৷ বাবা এরপর বাড়িতে আসেন ৷ তারপর এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলার পর সারেন্ডার করেছেন ৷ ওনাকে গ্রেফতার করা হয়নি ৷ বাবা একটা কাজে গিয়েছিলেন ৷ বাবা আসার পর অফিসারদের সঙ্গে কথা বলার পর সারেন্ডার করেছেন ৷’’
এনআইএ সূত্রে দাবি, তদন্তের চাপ বাড়তেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন শওকত মোল্লা । এমনকী, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন বলেও তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান । সীমান্তবর্তী কয়েকটি রুট নিয়েও খোঁজখবর নিচ্ছিলেন বলে তদন্তে উঠে এসেছে বলে খবর । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শওকত মোল্লা বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এনআইএ সূত্রে খবর, সোনারপুরের কামালগাছি থেকে তাকে ধরা হয়েছে। এরপরই তাকে সরাসরি এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়। আজ, শনিবার তাকে আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কামালগাজি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে এনআইএ’র আধিকারিকরা । গতকালই তাঁকে ‘পলাতক’ বলে ঘোষণা করেছিল NIA । এরপর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি এবং নজরদারি আরও জোরদার করা হয় । অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে খবর ।

সূত্রের খবর, বৃহস্পতিবার এনআইএ তথ্য পায় যে শওকত আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন। সেই তথ্যের ভিত্তিতে এনআইএ বিএসএফ-কে সতর্ক করে এবং নজরদারি বাড়ানো হয়। তবে শওকত নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি জানতে পেরে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা বাতিল করেন বলে জানা যায়। এরপর তিনি কলকাতার কাছাকাছি একটি জায়গায় গা-ঢাকা দিয়েছিলেন।
তদন্তকারীরা পরে জানতে পারেন, শওকত তৃতীয় এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছিলেন। তদন্তের স্বার্থে এনআইএ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই যোগাযোগের সূত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করে।
সেই সূত্র ধরেই এনআইএ তাঁর গতিবিধি ট্র্যাক করে। শেষ পর্যন্ত কলকাতায় ফেরার চেষ্টা করার সময় এনআইএ শওকত মোল্লাকে আটক করে।
Kolkata,West Bengal
