কলকাতা: দীর্ঘদিন পরে ধারাবাহিকে ফেরা, আর সেই ধারাবাহিকের গল্পই যেন বদলে দিল জীবন! ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই আলাপ হল, নতুন জীবনসঙ্গীর সঙ্গে। আর ধারাবাহিক চলাকালীনই বাগদান ও সেরে ফেলেছেন, এই অনস্ক্রিন জুটি। পর্দার সেই প্রেম গড়িয়েছে ব্যক্তিগত জীবনেও, নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)। সেই ধারাবাহিক, ‘লক্ষ্মী ঝাঁপি’-রই এক বছর পূর্তিতে, কলম ধরলেন সৌরভ। যে ধারাবাহিক তাঁকে জীবনসঙ্গী দিয়েছে, সেই ধারাবাহিকের ১ বছর পূর্তিতে কী লিখলেন তিনি?
‘লক্ষ্মী ঝাঁপি’-র এক বছর পূর্তি, কী লিখলেন সৌরভ?
সৌরভ লিখছেন, ‘দেখতে দেখতে এক বছর হয়ে গেল ‘লক্ষ্মী ঝাঁপি’-র। ভাবা যায়! তাও এমন এক সময়ে, যখন এই পৃথিবীতে টেস্ট ক্রিকেট থমকে যায় টি-টোয়েন্টির কাছে, কিংবা দীর্ঘ ভিডিওর রিচ অনায়াসেই ছাপিয়ে যায় শর্টস বা রিলস। ধৈর্য ধরে রাখার অনলাইন ক্লাস নেন মোটিভেশনাল গুরুরা। আর এই এক বছরে কখন যে ঘরের কোণ থেকে মনের কোণে সুরসুর করে ঢুকে পড়লাম… আপনারা কিংবা আমরা, কেউই ঠিক টের পেলাম না।’ নেশার মতো ভালোবাসাতেও যে স্ব-ইচ্ছায় বন্দি হয়ে থাকা যায়, সেটা ‘লক্ষ্মী ঝাঁপি’ আমাকে নতুন করে শিখিয়েছে। আপনাদের এই বিপুল ভালোবাসা না থাকলে ‘লক্ষ্মী ঝাঁপি’-র পথচলা হয়তো এত দীর্ঘ, এত মসৃণ হত না।’
সৌরভ আরও লিখেছেন, ‘সঙ্গে রয়েছে দুর্দান্ত একটা টিম। ব্যক্তিগতভাবে আমি ভীষণ কৃতজ্ঞ এবং তৃপ্ত, এমন অসাধারণ একটি দলের সঙ্গে কর্মসূত্রে যুক্ত হতে পেরে। প্রত্যেক শিল্পী, কলাকুশলী, পরিচালক, প্রযোজক এবং চ্যানেলের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসা এই যাত্রাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাঁদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই ভালোবাসা, এই বিশ্বাস যেন আগামী দিনেও একইভাবে আমাদের সঙ্গে থাকে। ভালো থাকুন। পাশে থাকুন।’ সোশ্যাল মিডিয়ায় গোটা টিমের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সৌরভ।
[yt]