কলকাতা: বিনিয়োগের জন্য বর্তমান দিনে মানুষ শেয়ার বাজার, কোনও প্রপার্টি বা মূল্যবান ধাতুর উপর করে থাকেন। সব সময় দেখেন কোন বিনিয়োগে লাভবান হওয়া যায়। কিন্তু বিনিয়োগের এই সব বিকল্প থাকলেও, ফিক্সড ডিপোজিট (FD) এবং এসআইপি (SIP) সবচেয়ে জনপ্রিয়। কারণ এতে কিছুটা হলেও ঝুঁকি কম। তবে, ঘরে বসেই উল্লেখযোগ্য পরিমাণে সুদ উপার্জনের আরও একটি উপায় রয়েছে। এই পদ্ধতিটি হল, বাড়িতে সঞ্চিত সোনার উপর সুদ অর্জন করা। সরকার এই বিষয়টি নিয়ে প্রস্তুতি শুরু করেছে, যাতে সাধারণ মানুষ তাদের কাছে থাক গচ্ছিত সোনা ব্যবহার করে ঘরে বসেই আয় করতে পারে।
সরকারের কী পরিকল্পনা ?
ভারত সরকার শীঘ্রই একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে, যার অধীনে সাধারণ মানুষ তাদের কাছে থাক সোনা, যেমন মুদ্রা, গয়না বা সোনার বার, নিকটতম অনুমোদিত স্বর্ণকারের কাছে জমা রাখতে পারবেন। এর বিনিময়ে তারা উল্লেখযোগ্য পরিমাণে সুদ পাবেন। সরকার বর্তমানে এই প্রকল্পটি নিয়ে কাজ করা শুরু করছে। বর্তমানে, সরকার এই প্রকল্পের জন্য একটি রূপরেখা তৈরি করছে। প্রথম পর্যায়ে, সরকার গয়নার দোকানের মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে। এরপর প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি কাঠামো চূড়ান্ত করবে। এই পুরো প্রকল্প ও প্রক্রিয়ায় গহনার দোকানের মালিকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে, সরকার এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
এই প্রকল্পের উদ্দেশ্য কী?
এই প্রকল্পের মূল লক্ষ্য হল মানুষের বাড়িতে থাকা সোনাকে বাজারে নিয়ে আসা। ভারতীয় পরিবারগুলোর কাছে প্রচুর পরিমাণে সোনা রয়েছে এবং এর সামান্য পরিমাণও যদি বাজারে আসে তবে তা দেশের জন্য উপকারী হবে। এর ফলে সোনার আমদানি কমতে পারে এবং দেশে বিনিয়োগ তহবিল বাড়াতে সাহায্য করতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকার ২০১৫ সালে একটি স্বর্ণ নগদীকরণ প্রকল্পও চালু করেছিল। তবে, এর জন্য মানুষকে ব্যাঙ্ক বা নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে যেতে হতো। কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আগামী ১০ বছরে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে মাত্র ৩৮ টন সোনা সংগ্রহ করা হয়েছে। এখন, সরকার এই নতুন প্রকল্পে কিছু পরিবর্তন আনছে, যা সফল ও উপকারী হবে বলে আশা করা হচ্ছে।