কলকাতা: একটা ছবির শ্যুটিং, অনেক সময়ে অনেক ওঠাপড়া দেখে। কিন্তু পর্দায় যখন সিনেমা দেখেন সাধারণ দর্শক, সেই গল্প রয়ে যায় আড়ালেই। সম্প্রতি, কিংশুক দে-র শ্যুটিংয়েও ঘটেছিল তেমনই এক ঘটনা। সামনেই মুক্তি পেতে চলেছে, নতুন সিনেমা ‘হ্যারি ওম’। কিংশুক দে ও সুরজিত সাহেব মুখোপাধ্যায়ের ভাবনায় এবং তারক দাসের পরিচালনায় আসছে নতুন এই সিনেমা। ২০২৫ সালে এই সিনেমার সফর শুরু হয়েছিল, কিন্তু শ্যুটিং করতে গিয়ে বারে বারে বাধাপ্রাপ্ত হয় এই সিনেমা। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌম্য মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু। এছাড়াও রয়েছেন একাধিক পরিচিত অভিনেতা অভিনেত্রী। কিন্তু মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল এই সিনেমার শ্যুটিং!
ছবি তৈরির সময়ে বাধা, অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সেই সিনেমা
নির্মাতারা জানিয়েছেন, এই ছবি শুরুর দিন থেকেই বাধা পেয়েছিল। ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি করা হয়েছিল। আর সেই কারণেই, ছবিটি করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েই সিনেমার শ্যুটিং চালিয়ে যান তাঁরা। অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন, ‘খুব কষ্ট করে আমরা কাজটা করেছি। কিন্তু একেবারে শেষ দিন জানতে পেরেছিলাম, শ্যুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু সাহস করেই আমরা সিনেমাটা শেষ করেছি।’ নির্মাতাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২৪ সালে কিংশুক দে-র ছবি ‘দ্য রেড ফাইলস’ ছবিটিও সরকারি ও বেসরকারি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময়ে সমস্যার মুখে পড়েছিল। নির্মাতাদের বক্তব্য, বাস্তবকে তুলে ধরা হচ্ছে বলেই, এই ছবিটা শ্যুটিং করার সময়ে এত প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে। সমস্ত চ্যালেঞ্জ পেরিয়ে এবার দর্শকদের কাছে পৌঁছনোর অপেক্ষায় এই সিনেমা।
এই গল্প এক ব্যক্তিকে ঘিরে, তার নাম হরিসাধন দাস। জীবনে একের পর এক ব্যর্থতা, চাকরি হারানো এবং ভালবাসাকেও হারিয়ে ফেলার পরে, হ্যারির কাছে প্রায় প্রতিটি সমস্যারই একটাই উত্তর—“সব দোষ ভগবানের!” কিন্তু ঠিক তখনই তার জীবনে এসে হাজির হয় ভগবানের কাউন্সিলর। আর সেখান থেকেই শুরু হয়, হ্যারির জীবনের এক অপ্রত্যাশিত নতুন অধ্যায়। নির্মাতাদের মনে হয়, দর্শকদের সামলে কল্পনা আর মজার মোড়কে তুলে ধরবে এক কড়া বাস্তবকে। ‘হ্যারি ওম’-এ অভিনয় করেছেন সৌম্য মুখার্জী, মৌমিতা হরি, বিশ্বনাথ বসু, অরিজিৎ দত্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শান্তনু ঘোষ, কৌশিকী, প্রতীক শর্মা, স্বাতী মুখার্জী, সৌমেন দত্ত, অঙ্কুর রায়, দীপঙ্কর এবং কিংশুক দে। ছবির গল্প লিখেছেন কিংশুক দে, চিত্রনাট্য ও ডায়লগ লিখেছেন কিংশুক দে ও ঐশিক। ছবিটি প্রযোজনা করেছে কলকাতা টকিজ, আউরা এন্টারটেইনমেন্ট ও সিং এন্টারটেইনমেন্ট।