কলকাতা: এই রিয়্যালিটি শো যে এতটা জনপ্রিয়তা পেয়েছে, তার পিছনে সঞ্চালিকার ভূমিকা কিছু কম নয়। একের পর এক সিজন জনপ্রিয় হয়েছিল, তাঁর সাবলীল সঞ্চালনার হাত ধরেই। তবে বেশ কয়েক মাস আগেই তিনি জানিয়েছিলেন, এবার এই গুরুদায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি। নতুন সিজনের দায়িত্ব নেওয়া এখন তাঁর পক্ষে সম্ভব নয়। আর সেই মতোই, ‘দাদাগিরি’ এবং ‘দিদি নম্বর ওয়ান’-এর পরে, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এও সঞ্চালিকার মুখবদল। সান বাংলার জনপ্রিয় এই শো-তে সঞ্চালিকার ভূমিকায় এতদিন দেখা যেত, সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-কে। তবে আগামী সিজনে দেখা যাবে না তাঁকে। তাঁর বদলে এই শো সঞ্চালনা করবেন নতুন এক অভিনেত্রী! কে তিনি?
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ সুদীপ্তার ভূমিকায় এবার কে?
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ সঞ্চালিকার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে এতদিন জল্পনা চলছিলই। অবশেষে প্রকাশ্যে এল, নতুন সঞ্চালিকার নাম। সুদীপ্তার জায়গায়, এই শো-এর সঞ্চালিকার জায়গা এবার নিচ্ছেন, অভিনেত্রী পায়েল দে (Payel De)। পায়েল ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। একাধিক ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার, একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে পায়েলকে। ইতিমধ্যেই তাঁর লুক সেট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শ্যুটিং ও। ২০২৪ সালে শুরু হওয়া এই শো, ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা মহিলাদের গল্পই উঠে আসে এই মঞ্চে। এখনও উঠে আসবে সেই গল্পই, তবে নতুন সঞ্চালিকার হাত ধরে। নতুন সঞ্চালিকার পাশাপাশি, শো-এর ফরম্যাটেও থাকছে নতুন চমক।
সঞ্চালিকার ব্যাটন বদল, কী বলছেন তাঁরা?
এই শো-এ সঞ্চালনার দায়িত্ব ছাড়ার আগে, সুদীপ্তা বলছেন, ‘এইরকম সফল একটা শো, এত দীর্ঘ সময় ধরে সঞ্চালনা করতে পারাটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। শো-তে যাঁরা প্রতিযোগী হয়ে আসতেন, তাঁদের গল্পের সঙ্গে আমি যেন নিজেও মিশে যেতাম। আবেগে ভাসতাম। তবে আমার একটা বিরতির দরকার ছিল। আমার বিশ্বাস, পায়েল খুব ভাল কাজ করবে।’ আর এই শো-এর নতুন দায়িত্ব পেয়ে পায়েল বলছেন, ‘এই শো-টা তো আমার কাছে ঘরে ফেরার মতো। এই চ্যানেলেই ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করেছিলাম আমি। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-তো ইতিমধ্যেই দর্শকদের মনজয় করে ফেলেছে। এটা আমার সঞ্চালনা করা প্রথম রিয়্যালিটি শো হতে যাচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই শো-এর প্রতিযোগীদের কথা যখন শুনেছি, তখন মনে হয়েছে, আমাদের জীবনের সমস্য়াগুলো কত ছোট।’
আরও পড়ুন: Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ