নয়াদিল্লি: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কলম্বোতে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। এর মাঝেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন এক ভারতীয় ক্রিকেটার। যাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে ৪টি আইপিএল ট্রফি!
জাতীয় দলের হয়ে একটি টেস্ট, ২টি ওয়ান ডে ও একটি টি-২০ ম্যাচে খেলেছেন। সব মিলিয়ে মোট ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে। অবশেষে এই লেগস্পিনার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন। লেগস্পিনার কর্ণ শর্মা জানিয়ে দিলেন, ২৫ অগাস্ট শেষবার মাঠে নামবেন তিনি।
উত্তর প্রদেশ টি-২০ লিগ চলাকালীন শনিবার রাতে ৩৮ বছর বয়সী কর্ণ শর্মা অবসরের সিদ্ধান্ত নেন। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট Cricinfo-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি ২৫ অগাস্ট শেষবার ম্যাচ খেলতে মাঠে নামবেন। তিনি কানপুর সুপারস্টার্স দলের অংশ, যাদের ২৫ অগাস্ট মেরঠ মাভেরিক্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে।
কর্ণকে উদ্ধৃত করে বলা হয়েছে, “এখন আমি অবসর নিচ্ছি। আমি ভারতীয় ক্রিকেট বোর্ড, রেলওয়েজ়, উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা, অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থা ও বিদর্ভ ক্রিকেট সংস্থা এবং আমার পরিবারের সঙ্গে সেই সব মানুষকে ধন্যবাদ জানাই, যাঁরা আমার যাত্রায় পাশে ছিলেন।”
কর্ণ শর্মার আন্তর্জাতিক রেকর্ড
কর্ণ শর্মা ভারতের হয়ে নিজের একমাত্র টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের ডিসেম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সেই ম্যাচের পর আর সুযোগ পাননি। ওই টেস্টে কর্ণ দুই ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন।
ওয়ান ডে ক্রিকেটে তিনি ২০১৪ সালের নভেম্বরে অভিষেক ঘটান, একই মাসে নিজের শেষ ওয়ান ডে ম্যাচটিও খেলেন। ২টি ওয়ান ডে ম্যাচে কর্ণের নামের পাশে কোনও উইকেট নেই। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি নিজের টি-২০ আন্তর্জাতিক অভিষেক ম্যাচ খেলেন, যা তাঁর শেষ টি-২০ আন্তর্জাতিক ম্যাচও ছিল। টি-২০ ক্রিকেটে তাঁর নামের পাশে ১ উইকেট রয়েছে।
আরও পড়ুন: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
ঘরোয়া ক্রিকেটে কর্ণ শর্মা ৯৭টি প্রথম শ্রেণির ম্যাচের ১৪৮ ইনিংসে ২৭০ উইকেট নিয়েছেন। লিস্ট এ ক্রিকেটে ১২৩ ম্যাচে তাঁর নামের পাশে ১৫৩ উইকেট রয়েছে। ১৯১টি টি-২০ ম্যাচে তিনি ১৬৮ উইকেট নিয়েছেন। এবার তিনি নিজের কেরিয়ারের ইতি টানছেন। এছাড়া কর্ণ আইপিএলে ৪টি দল – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ৯০টি ম্যাচ খেলেছেন, যেখানে ৮৩ উইকেট নিয়েছেন। ৪টি আইপিএল ট্রফি রয়েছে তাঁর।