কলকাতা: মাত্র ১ সপ্তাহের মধ্যেই সফর শেষ, ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla) থেকে বিদায় নিলেন, অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta)। ৩০ অগাস্ট থেকে শুরু হয়েছিল, ‘বিগ বস বাংলা’ আর সেখানেই প্রতিযোগী হিসেবে এসেছিলেন, অনিন্দ্য সেনগুপ্ত। কিন্তু এক সপ্তাহের মধ্যেই ঘর থেকে, নিজের সমস্ত সঙ্গীদের বিদায় জানিয়ে বেরিয়ে এলেন তিনি। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) উপস্থিতিতে ‘দাদার দরবার’-এর প্রথম এপিসোডেই এই হাউজ থেকে বেরিয়ে এলেন তিনি। এক সপ্তাহ বিগ বসের ঘরে থাকাকালীন, অনিন্দ্য সক্রিয়ভাবে কোনও কাজে যুক্ত হননি, কারও সঙ্গে সেভাবে কথা বলেননি, মেশেননি… এই সমস্ত কথা এদিন সৌরভ একেবারে স্পষ্টভাবে জানান তাঁকে। পাশাপাশি জানিয়ে দেন, এই ঘরে যদি থাকতে হয়, তাহলে সমস্ত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, মিশতে হবে সবার সঙ্গে।
কেন মাত্র ১ সপ্তাহেই বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে যেতে হল অনিন্দ্যকে?
‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করার কয়েকটা দিন পর থেকেই, অনিন্দ্য বারে বারে বিভিন্ন প্রতিযোগীর কাছে, মনের কথা বলতে গিয়ে বলেন যে, তিনি বাড়ি যেতে চান। পাশাপাশি একাধিকবার ক্যামেরায় দর্শক তাঁকে বলতে শুনেছেন যে, তিনি আদৌ এই শো-তে আসার জন্য তৈরিই নন। সেই কারণে তিনি বাড়ি চলে যেতে চান। বিগ বসের ঘরে থাকা মানেই, বিভিন্ন সময়ে সেখানে বিভিন্ন টাস্ক আসে এবং সেগুলিতে পারফর্ম করতে হয়। বিগ বসের ঘরে, ‘বিবি টাউনশিপ’ -এর একটি টাস্ক আসে রাত প্রায় দেড়টার সময়। একটি চাকা ঘুরিয়ে, বিদ্যুৎ তৈরি করে আলো জ্বালাতে হবে, এটাই ছিল টাস্ক।
এই টাস্কটি ডাগ আউটের সদস্যরা করেছিলেন, কিন্তু গোটা হাউজটি তাঁদের উৎসাহ দেওয়ার জন্য বাইরের ফাঁকা চত্বরে উপস্থিত ছিলেন। একমাত্র অনিন্দ্যকে দেখা গিয়েছিল, তিনি নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। অনিন্দ্যকে যতবার ব্যক্তিগতস্তরে কারও সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে.. তখনই তিনি বলেছেন যে, ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যায় রয়েছেন তিনি। ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না তাঁর। আর বিগ বসের বাড়িতে তিনি যে খেলতে এসেছেন, তা কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য.. সে কথাও স্পষ্ট বলতে শোনা যায় অনিন্দ্যকে। এদিন তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে উপদেশ দেন যে, অর্থ উপার্জনের কথা মাথায় রেখে কোনও কাজ করলে, তা সফল নাও হতে পারে। তবে ভালবেসে কাজ করলে, অর্থ উপার্জন হবেই।