Last Updated:
হরমুজ প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজের উপরে ইরান হামলা চালানোর পরই ইরানে শক্তিশালী হামলা চালায় আমেরিকা৷ জবাব ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজকে নিশানা করে ইরান৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা করতেই লাফিয়ে বাড়তে শুরু করল অপরিশোধিত তেলের দাম৷ বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৬.২০ শতাংশ বেড়ে ব্যারেল পিছু ৭৮.৭৫ ডলারে পৌঁছে গিয়েছে৷
তুরস্কের আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে আর নতুন করে কোনও আলোচনায় রাজি নন৷ ট্রাম্পের এই ঘোষণা পরই ঊর্ধ্বমুখী হতে থাকে অপরিশোধিত তেলের দাম৷ মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন, গতকাল রাতে ইরানে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন সেনা৷ ট্রাম্প বলেন, আমরা ইরানে বিপজ্জনক লোকজনের বিরুদ্ধে খুব জোরাল হামলা চালিয়েছি৷ ওরা সুস্থ নয়৷ ওদের কিছু একটা সমস্যা আছে৷
ইরান এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতেও ইতি টানার ইঙ্গিত দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ দু দেশের মধ্যে যে যুদ্ধবিরতির যে মউ সাক্ষরিত হয়েছিল, তাও বাতিল হতে চলেছে বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট৷ ট্রাম্পের এই ঘোষণার পরই ফের একবার মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে গোটা বিশ্বে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল৷ কারণ নতুন করে ইরান এবং আমেরিকার সংঘাত আগের মতো পুরোদমে শুরু হলে ফের হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হবে৷ ফলে অপরিশোধিত তেলের সরবরাহও বিঘ্নিত হবে৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং তার জেরে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও৷ এ দিন ভারতের শেয়ার বাজারেও বড়সড় ধস নেমেছে৷ বিএসই সেনসেক্স-এর সূচকে প্রায় ১১০০ পয়েন্ট পতন হয়েছে৷ অন্যদিকে এনএসই নিফটির সূচক ২৪০৫০ পয়েন্টের নীচে নেমে গিয়েছে৷
Kolkata,West Bengal
