নয়ডা : নয়ডায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়াল। এদিন সকালে সেক্টর ৭৫-এ আচমকা আগুন দেখতে পাওয়া যায়। ওই এলাকায় একটি বহুতলের ১২ তলায় আগুন লাগে। খুব কম সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের বাসিন্দারা ছাড়াও গোটা আবাসনেই ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। আগুন নেভানোর লড়াইয়ে নামে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আপাতত অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
নয়ডার সেক্টর ৭৫-এ আইভি কাউন্টি নামে একটি রেসিডেন্সিয়াল সোসাইটির ফ্ল্যাটে দ্বাদশ ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। তবে কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর নিয়েছেন এবং আধিকারিকদের ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুত করার ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনকে সর্বস্তরে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
#WATCH | Uttar Pradesh | Operation underway to completely douse the fire which broke out in an apartment in Ivy County housing society located in Sector 75, Noida. No casualties reported in the incident pic.twitter.com/QEUrVPkzWh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 5, 2026
এই সেক্টর ৭৫ থেকেই মিনিট ১৫ দূরে সেক্টর ৫২-র শতাব্দী বিহারের একটি পেয়িং গেস্টেও আগুন লাগে। আধিকারিকরা জানিয়েছেন, ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ রয়েছে এবং উপরের তলাগুলো পিজি সুবিধা হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দমকলের দু’টি গাড়ি পাঠানো হয়। এ ক্ষেত্রেও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
দিল্লির মালব্যনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছিল গত বুধবার সকালে। একটি পাঁচতলা হোটেলের বেসমেন্টে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতেই। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হন আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ হোটেলের বেসমেন্টে প্রথম আগুন লাগে। এরপর চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ঘরে। সেই সময় হোটেলের ভিতরে প্রায় ৪০ জন ছিলেন বলে জানা যায়।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অনেকেই ঘরের ভিতরে আটকে পড়েন। প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন। কয়েকজন হোটেলের বিভিন্ন তলা থেকে নীচে ঝাঁপ দেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। বহু মানুষ ঘরের মধ্যেই আটকে পড়ে দম বন্ধ হয়ে মারা যান।