কলকাতা: পরমব্রত চট্টোপাধ্য়ায়ের ‘রগড়ানি’ মন্তব্যের সমর্থনে পোস্ট। এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। গড়িয়াহাট থানায় জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। প্রায় এক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। ২০২১ সালে পরমব্রতর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে সমর্থন জানিয়েছিলেন স্বস্তিকা। রাজ্যে পালাবদলের পর সেই নিয়ে ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’ দেওয়ার মামলা দায়ের হয়েছে। তাতেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। (Swastika Mukherjee)
শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দেন স্বস্তিকা। সেখানে এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ এবং ১৫৩ ধারায় এফআইআর দায়ের হয়েছিল। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। স্বস্তিকাকে নোটিস পাঠানো হয়েছিল। সেই মতো শনিবার দুপুরে। গড়িয়াহাট থানায় পৌঁছন স্বস্তিকা। সেখানে প্রায় ১ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার। বয়ান রেকর্ড করা হয় অভিনেত্রীর। জানতে চাওয়া হয়, কী কারণে ওই পোস্টটিকে সমর্থন করেছিলেন তিনি? এর পরই রাজ্যে অশান্তির ঘটনা ঘটে। সেগুলির ব্য়াপারে অবগত ছিলেন কি না, জানতে চাওয়া হয়। স্বস্তিকা নিজের বক্তব্য জানিয়েছেন। পরমব্রতকেও পুলিশ নোটিস দিয়েছে। তবে পরমব্রত এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। (Kolkata News)
আরও পড়ুন: দেশের জন্য ‘বিপজ্জনক’! ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও
অভিযোগকারী আইনজীবী জয়দীপ বলেন, “পরমব্রত যে পোস্ট করেছিলেন, সেই সময় হিংসা শুরু হয়ে গিয়েছিল। ওঁর পোস্টটি পরিষ্কার ভাবে বৃহত্তর হিংসায় উস্কানি জুগিয়েছিল। আমার মতে ওঁর পোস্টটি সরাসরি ১০৭ ধারার আওতায় আসে। চাইলে হেফাজতে নিয়ে ওঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।” এই মামলা নিয়ে দিলীপের বক্তব্য, “২০২১ সালের নির্বাচনের পর বহু লোক হিরো হয়ে গিয়েছিল। আমাদের লোকেরা যখন মার খাচ্ছিল, বাড়ি ভাঙা হচ্ছিল, ঘরছাড়া হচ্ছিল, সেই সময় সমবেদনা না জানিয়ে এরা আক্রমণকারীদের উস্কানি দিয়েছে, বাহবা দিয়েছে। এরা তাদের চেয়েও বড় অপরোধ। তার বিচার হবে। কেউ অভিযোগ করেছে। তদন্ত চলছে।” পরমব্রত এখনও হাজিরা দেননি। তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানা যাচ্ছে।