কলকাতা: এবার বড়পর্দায়, নতুন সিনেমা নিয়ে আসছেন, অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য (Sreema Bhattacharjee)। সুমন মিত্রের পরিচালনায় আসছে নতুন সিনেমা, ‘জারিয়া 2’। সেই ছবিরই মুখ্যভূমিকায় দেখা যাবে, শ্রীমাকে। প্রযোজনা সংস্থা বেলজার ফিল্মস নিয়ে আসছে এই সিনেমা। শ্রীমার বিপরীতে দেখা যাবে, রাজেশ্বরকে। ছবি প্রযোজনা করছেন, অনিমেষ গঙ্গোপাধ্যায়। ছবির মিউজিক করছেন, দেবদীপ বণিক। সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ… এই সমস্ত অঙ্কই ফুটে উঠেছে সিনেমা জুড়ে। ভালবাসা, বন্ধুত্ব হোক বা স্মৃতি.. সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে গেলেও, তা যে হারিয়ে যায় না.. সেই গল্পই যেন ফুটে উঠবে এই সিনেমা জুড়ে।
প্রেমের গল্প ‘জারিয়া ২’
বিচ্ছেদের ৭ বছর পরে, দার্জিলিংয়ের পাহাড়ি পথে আচমকা মুখোমুখি হয়ে যায়, প্রাক্তন প্রেমিক প্রেমিকার। ঋষভ আর শ্রেয়সিনী। আর দেখা হতেই, ওরা ফিরে যায় স্মৃতির গলিতে – ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি আর সেই সব পরিস্থিতি ছুঁয়ে, যা একদিন ওদের আলাদা করে দিয়েছিল। পাহাড়ের কোলে হাঁটতে হাঁটতে কথায়, হাসিতে, না বলা অনুভূতিতে ওরা আঁকড়ে ধরে ফেলে আসা দিনগুলোকে। অতীতকে মেনে নিয়ে উদযাপন করে এমন এক বন্ধন, যাকে সময়ও মুছতে পারেনি। বিদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে শ্রেয়সিনী। তাই এই মিলন শেষ হয় এক হৃদয়ছোঁয়া বিদায়ে – যা মনে করিয়ে দেয়, কিছু ভালোবাসার গল্প অসমাপ্তই থেকে যায়, তবু সারাজীবন আমাদের সাথে হাঁটে।
সিনেমা নিয়ে পরিচালক সুমন মিত্র বলছেন, ‘জারিয়া থেকে জারিয়া ২-এর যাত্রাটা দুর্দান্ত। ‘জারিয়া’ ছিল প্রেমের গল্প, ২টো চরিত্রের গল্প। এই ছবিতেও সেই ভালবাসার গল্পই বলা হয়েছে। জীবনে আমরা ভালবাসাকে কীভাবে দেখি, মান, অভিমান.. সবকিছুই নিয়ে এই সিনেমা। এই গল্পটা বলতে আমরা পৌঁছে গিয়েছি পাহাড়ে। গল্পটা আসলে একটা অন্য আবহে বলতে চেয়েছিলাম। পাহাড়ি ঠাণ্ডা, দুর্দান্ত ল্যান্ডস্কেপ.. সব মিলিয়ে মনে হয়েছিল, গল্পটা মনগ্রাহী হবে। রাজ আর শ্রীমাকে পর্দায় ভীষণ ভাল দেখিয়েছে। আর ওরা ভীষণ ভাল অভিনয় করেছেন। পাহাড়ে প্রেক্ষাপটে ওদের রোম্যান্সটাও খুব ভাল লেগেছে। গোটা টিমের মধ্যে একটা খুব ভাল মেলবন্ধন ছিল। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে, সবাই এত মন দিয়ে, ভালবেসে কাজটা করেছেন। ছবিটায় মিউজিক ও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছে।’
আরও পড়ুন: Ranveer Singh: বলিউডে ‘ব্যান’, কাজ করতেও পারছেন না! এবার আদালতের দ্বারস্থ রণবীর সিংহ