Last Updated:
ময়নাতদন্তের জন্য দেহ লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নয়াদিল্লি: দিল্লির আবাসনে শিক্ষকের দেহ উদ্ধার ঘিরে তোলপাড় রাজধানী। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে নিজ আবাসন থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই ৪৯ বছর বয়সী অধ্যাপিকাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব) রাজীব কুমার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, নিহত মহিলা শিবাজী কলেজের সহকারী অধ্যাপক দেবস্মিতা পাল। বসুন্ধরা এনক্লেভের ওই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।
পুলিশ জানায়, দুপুর ২.৩৫ নাগাদ এক মহিলা পুলিশে ফোন করেন। তিনি জানান, তাঁর বোনকে খুন করে ফ্ল্যাটের ভিতরে ফেলে রাখা হয়েছে। পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানেই দেবারতি পাল নামের ওই মহিলা বলেন, সকাল থেকে বারবার ফোন করা সত্ত্বেও তাঁর বোন কোনও সাড়া দিচ্ছিলেন না। ঘর বাইরে থেকে তালা দেওয়া ছিল। অস্বাভাবিকতা অনুমান করে তিনি তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর তিনি ঘরের ভিতরে তাঁর বোনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। গোয়েন্দা বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আবাসনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের ছবি ও ভিডিও তোলা হয়েছে।
দেবস্মিতা পাল শিবাজী কলেজের একজন সহকারী অধ্যাপিকা ছিলেন এবং তিনি বসুন্ধরা এনক্লেভের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। নিউ অশোকনগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) (খুন) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করতে একাধিক দল গঠন করা হয়েছে। তদন্তকারীরা মৃতের সাম্প্রতিক গতিবিধি, যোগাযোগ এবং এলাকার সিসিটিভি ফুটেজসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
