Last Updated:
রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, কলকাতাকে একটি পৃথক জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা। সরকারি পরিষেবা আরও উন্নত করতে, কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেছিলেন, ‘‘প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপণ কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলির মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ।’’ প্রশাসনিক কারণেই কলকাতাকে জেলা গঠনের সিদ্ধান্ত রাজ্যের। সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতেই কলকাতায় হবে এবার জেলাশাসক নিয়োগ। কাজের বোঝা কমবে কলকাতা পুরসভার কমিশনার পদের। নির্বাচনের সময় আলাদা করে প্রয়োজন হবে না কলকাতা উত্তর বা কলকাতা দক্ষিণের মতো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদের ৷ কলকাতার জেলাশাসকের নেতৃত্বেই হবে কলকাতার আসনগুলির লোকসভা বা বিধানসভা ভোট গ্রহণ।
অন্যান্য জেলার মতই কলকাতা জেলাকেই গড়ে তোলা হবে। কলকাতায় জেলাশাসক নিয়োগ করা হলেও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের ক্ষমতা অবশ্য কমানো হচ্ছে না। প্রশাসনের ক্ষেত্রে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কলকাতার জেলাশাসকের ক্ষমতা থাকবে। তবে আইনশৃঙ্খলা-সহ, ১৬৩ ধারা প্রয়োগ বিভিন্ন ইস্যুতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাই থাকবে।
কলকাতা পৌরসভার কমিশনার/প্রশাসক এক্ষেত্রে নিকাশি, জঞ্জাল-সহ দৈনন্দিন যে কাজ রয়েছে সেই ক্ষমতাই থাকবে। বিধানসভায় বাজেট পাশ হওয়ার পর খুব শীঘ্রই রাজ্য মন্ত্রীসভা এর বৈঠকে পাশ করে কলকাতা জেলা নিয়ে নোটিফিকেশন করবে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর।
বিজেপি সরকারের প্রথম বাজেটে কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর পাশাপাশি, নতুন আরও নটি পুরসভা তৈরির প্রস্তাবও এদিন দেওয়া হয়েছে বাজেটে।
Kolkata,West Bengal
Jun 24, 2026 12:49 PM IST
