ট্রাম্পের দাবি, প্রেমিকা যে আসলে চিনের গুপ্তচর, তা নাকি জানতেনই না জেনসন৷ ‘খুব কষ্ট পাচ্ছেন’ এনভিডিয়ার সিইও, এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তবে এনভিডিয়া কর্তার সঙ্গে চিনা নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক এবং বেজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগ সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে তিনি ঠিক কবে জানতে পেরেছিলেন, সেই প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ওই দিনই হুয়াংয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর খোঁজখবর নিতেই ফোন করেছিলেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “আশা করি, কোনও সমস্যা হবে না। আমার মনে হয়, উনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন। বিশেষ করে নিজের পরিবার এবং স্ত্রীকে নিয়ে। স্ত্রীকে উনি খুব ভালবাসেন। তবে এটা স্পষ্ট যে, উনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।”
বিতর্কের কেন্দ্রে থাকা চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও সরাসরি জেনসেনকে প্রশ্ন করেছিলেন বলে জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের কথায়, “আমি ওঁকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, ওই মহিলা যে গুপ্তচর, সে বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল কি না। উনি বলেছিলেন, ওই ব্যক্তি যে গুপ্তচর, তা নিয়ে তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না। আর আমি ওঁর কথা বিশ্বাস করি।”
ট্রাম্প আরও জানান, দীর্ঘদিন ধরেই তিনি এনভিডিয়ার প্রধানকে চেনেন। তাঁর মতে, হুয়াং একজন সম্মানীয় ব্যক্তি। এই পরিস্থিতি থেকেও তিনি সামলে উঠবেন বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট।
গত সেপ্টেম্বরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর-সহ হোয়াইট হাউসের একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াং। তবে ঠিক কবে তিনি এই অভিযোগ সম্পর্কে জানতে পেরেছিলেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তাঁর কথায়, ‘‘খুব বেশিদিন আগে নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখব। অন্য একটি বিষয়ের সূত্রে এফবিআই বিষয়টি তদন্ত করছে বলেও জানি। আমার মনে হয়, শেষ পর্যন্ত ওঁর সব ঠিক হয়ে যাবে।’’
উল্লেখ্য, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চিনের হয়ে গুপ্তচরবৃত্তি এবং এনভিডিয়ার ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব খাটানোর যে অভিযোগ উঠেছে, তা এখনও অভিযোগের পর্যায়েই রয়েছে।