Last Updated:
ভারত সফর থেকে ঢাকায় ফেরার ১১ দিনের মাথায় পাকিস্তান গেলেন বাংলাদেশের অসামরিক গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রধান মেজর জেনারেল আবু মহম্মদ সরওয়ার ফরিদ। ৯ নভেম্বর তাঁর ইসলামাবাদ যাত্রা ঘিরে চর্চা শুরু হয়েছে। তবে সফরের উদ্দেশ্য বা সম্ভাব্য বৈঠক নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লিঃ ভারত সফর শেষ করে ঢাকায় ফেরার মাত্র ১১ দিনের মাথায় পাকিস্তানে উড়ে গেলেন বাংলাদেশের অসামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আবু মহম্মদ সরওয়ার ফরিদ। ৯ নভেম্বর একটি বিমানে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর ডিরেক্টর জেনারেল। তাঁর এই সফর ঘিরে বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের নিরাপত্তা বিভাগের একাধিক সূত্র এই সফরের খবর নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, ৯ নভেম্বর রাত ৮টা ২৭ মিনিটে এমিরেটসের ৫৮৭ নম্বর বিমানটি ইসলামাবাদের উদ্দেশে রওনা দেয়। তবে পাকিস্তানে গিয়ে কার সঙ্গে বৈঠক করবেন সরওয়ার, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর সফর নিয়ে বাংলাদেশের সরকারের তরফেও কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগে অক্টোবরের শেষ সপ্তাহে দিল্লিতে আয়োজিত অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসদমন সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন সরওয়ার। ২৮ অক্টোবর ঢাকায় ফেরেন তিনি। সেই সফরের ১১ দিনের মাথায় তাঁর পাকিস্তান যাত্রা ঘিরে নজর পড়েছে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক মহলের।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক যোগাযোগও সাম্প্রতিক সময়ে বেড়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬-এ তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের সামরিক স্তরে যোগাযোগ আরও গতি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৯ নভেম্বরই ঢাকায় পৌঁছয় পাকিস্তানের সেনাবাহিনীর চার সদস্যের একটি প্রতিনিধি দল। মেজর জেনারেল কাশিফ আবদুল্লার নেতৃত্বে ওই প্রতিনিধি দল বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে। আলোচনার বিষয় ছিল ‘এ২এএসটি অ্যাগ্রিড অ্যাক্ট’ কার্যকর করা। এই কাঠামোয় গোয়েন্দা তথ্য আদানপ্রদান, সীমান্ত নিরাপত্তা জোরদার, যৌথ প্রশিক্ষণ ও সামরিক মহড়া এবং দুই দেশের সামরিক আধিকারিকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৬ সালের ১৫ অগস্ট বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছিল। সেই সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ঢাকার গোয়েন্দা বিভাগের মধ্যে যোগাযোগ বৃদ্ধির খবরও সামনে এসেছিল। তবে ওই বৈঠকগুলির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে ভারত ও পাকিস্তান সফর বাংলাদেশের অসামরিক গোয়েন্দাপ্রধানের। ইসলামাবাদ সফরের উদ্দেশ্য এখনও অজানা থাকলেও, ঢাকা-ইসলামাবাদ নিরাপত্তা ও সামরিক সহযোগিতার সাম্প্রতিক তৎপরতার দিকে নজর রাখছেন পর্যবেক্ষকেরা।
