নয়াদিল্লি : পরবর্তী CBI প্রধান কে হবে, তার বাছাই প্রক্রিয়া নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভিন্নতম পোষণ করার একদিন পরেই প্রবীণ সুদের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিল কেন্দ্র। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর হিসাবে তাঁর সময়কাল আরও এক বছর বৃদ্ধির সুপারিশে অনুমোদন দেওয়া হয়েছে। ২৪ মে-ই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁর CBI ডিরেক্টর পদে মেয়াদ বাড়ানোয় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ১৯৮৬-র ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ সুদ। আরও একবছর তিনি এজেন্সির শীর্ষ পদে থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্বাচক প্যানেলের এক বৈঠকে রাহুল গান্ধী ভিন্নমত জানিয়ে দুই পৃষ্ঠার একটি নোট জমা দিয়েছিলেন। এই কমিটিতে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তও আছেন।
সেই নোটে রাহুল অভিযোগ করেছিলেন যে, সরকার বাছাই প্রক্রিয়াকে নিছক একটি আনুষ্ঠানিকতায় পরিণত করেছে এবং তিনি দাবি করেন যে, যোগ্য প্রার্থীদের আত্ম-মূল্যায়ন ও ৩৬০-ডিগ্রি রিপোর্টসহ গুরুত্বপূর্ণ নথি দেখতে তাঁকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, “এই পক্ষপাতদুষ্ট কার্যক্রমে অংশ নিয়ে আমি আমার সাংবিধানিক দায়িত্ব থেকে সরে আসতে পারি না।” এর পাশাপাশি রাহুল এই অভিযোগও তুলেছেন যে, বিরোধী নেতা, সাংবাদিক এবং সমালোচকদের টার্গেট করতে সরকার সিবিআইয়ের অপব্যবহার করছে। প্রসঙ্গত, সিবিআই ডিরেক্টরের এনিয়ে দ্বিতীয়বার মেয়াদ বাড়ল।
১৯৮৬ ব্যাচের, কর্নাটক ক্যাডারের IPS অফিসার প্রবীণ। CBI-প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে কর্নাটকের DGP ছিলেন তিনি। বেল্লারি, রায়চূড়ের SP, বেঙ্গালুরু শহরের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), মহীশূর এবং বেঙ্গালুরুর CP, মরিশাস সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব সামলেছেন। ২০২৩ সালের ২৫ মে CBI ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের মে মাসে তাঁর এক বছরের মেয়াদ বাড়ানো হয়েছিল। কারণ, তাঁর উত্তরসূরী কে হবেন তা নিয়ে কোনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। তাঁর দুই বছরের টার্ম গত বছর ২৪ মে শেষ হওয়ার কথা ছিল।
কেন্দ্রীয় সরকার তিন সদস্যের নির্বাচন কমিটির সুপারিশে সিবিআই ডিরেক্টরের নিয়োগ করে থাকে। এই কমিটির প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং এতে লোকসভার বিরোধী দলনেতা ও ভারতের প্রধান বিচারপতি অন্তর্ভুক্ত থাকেন। এই পরিস্থিতিতে ফের একবার মেয়াদ বাড়ানো হল সিবিআই ডিরেক্টরের। CBI Director Tenure Extended