নায়দিল্লি : একে একে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমের মুখ্যমন্ত্রীরা শপথ নিয়ে নিয়েছেন। কিন্তু, কেরলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী ? তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে জোর চর্চা। এবার জানা গেল, বৃহস্পতিবার বিষয়টি খোলসা করতে চলেছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন UDF বিপুল ভোটে জয়লাভের পর দক্ষিণের এই রাজ্যে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে গত কয়েকদিন ধরে দলের মধ্যে একের পর এক আলোচনা চলেছে। এনিয়ে দিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে প্রায় ৪০ মিনিট ধরে রাহুল গান্ধীর আলোচনা চলে। এরপরই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, আলোচনা শেষ হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কাল জানিয়ে দেওয়া হবে। তাঁকে প্রশ্ন করা হয়, এই ঘোষণা কোথা থেকে করা হবে দিল্লি নাকি কেরল থেকে ? এর উত্তরে তিনি বলেন, “কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ঘোষণা কাল (বৃহস্পতিবার) করা হবে।”
#WATCH | Delhi: Congress General Secretary in-charge Communications, Jairam Ramesh says, “As authorised by the members of the CLP in Kerala, the high command of Congress has completed all discussions. The decision on who the next CM of Kerala will be announced tomorrow.” pic.twitter.com/A5PmNOn9dD
— ANI (@ANI) May 13, 2026
এর আগে বুধবারই কেরল কংগ্রেসের প্রধান সানি জোশেফ ইঙ্গিত দিয়েছিলেন যে, দলের মধ্যে আলোচনা শেষ হয়ে গেছে। দিল্লি থেকে সিলমোহরের অপেক্ষা করা হচ্ছে। তিনি বলেছিলেন, “আমরা আশা করছি, মুখ্যমন্ত্রীর নাম আজই ঘোষণা করা হবে। এটা পরিষ্কার যে, সব আলোচনা সম্পন্ন হয়েছে। আমরা আজ ঘোষণার জন্য অপেক্ষা করছি। সোনিয়া গান্ধী হাসপাতালে ছিলেন। সেই কারণে একটু দেরি হতে পারে। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে দিল্লি থেকে।”
২০২৬-এর কেরল বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF। গত ৪ মে ফল ঘোষণা হয়েছিল। যদিও সেই থেকে কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা চলছে। একাধিক বার এনিয়ে চর্চা হয়েছে। রাজ্য স্তরের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু জানা যায়নি এতদিন। যা নিয়ে দেশজুড়ে চর্চাও শুরু হয়েছিল। এবার অপেক্ষার অবসান হতে চলেছে। আজই নাম ঘোষণা করার কথা জানিয়ে দিয়েছে কংগ্রেস। Kerala Next CM