Last Updated:
গত ৪৮ ঘণ্টায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আমেরিকা-ইরান সঙ্কটপূর্ণ পরিস্থিতিতে৷ যুদ্ধবিরতি এখনও অধরাই৷ তার মাঝেই ফোনেই দীর্ঘ বৈঠক করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷
ওয়াশিংটন: পশ্চিম এশিয়ায় যুদ্ধ কি থামার পথে? সে প্রশ্নের ধোঁয়াশা এখনও কাটেনি৷ কয়েকদিন আগেই মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ইঙ্গিত দেন আমেরিকা-ইরান উত্তেজনায় ‘সুখবর’ আসতে পারে৷ যদিও সেই ভাল খবর এখনও অধরা৷ এখনও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত ৪৮ ঘণ্টায় উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়, যখন ইরান অভিযোগ তোলে যে দক্ষিণ উপকূলীয় প্রদেশ হরমোজগানে ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমেরিকা। এর মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠক করল আমেরিকা ও ইজরায়েল৷
এই অভিযোগ সামনে আসে, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানায় যে সোমবার দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকাগুলির উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, ওই নৌযানগুলি উপসাগরে নৌ-মাইন পেতে দেওয়ার চেষ্টা করছিল।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে, তারা মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, যারা নাকি ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল। ইরানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, “যুদ্ধবিরতির পরও মার্কিন সন্ত্রাসী বাহিনী গত ৪৮ ঘণ্টায় হরমোজগান অঞ্চলে গুরুতরভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।”
তেহরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, “ইরান কোনও শত্রুতার জবাব ছাড়া রাখবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় কোনও দ্বিধা করবে না।” যদিও এ বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি। নতুন করে ফের সংঘাতের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনা এখনও অত্যন্ত অনিশ্চিত অবস্থায় রয়েছে৷ সুতরাং যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনও অধরাই।
এর মাঝেই বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ ফোনে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা৷ ইরানকে ঘিরে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্ধারিত ক্যাম্প ডেভিড সফর বাতিল করেছেন। পরিবর্তে বুধবার হোয়াইট হাউসে জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকেছেন তিনি, যেখানে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা হবে।
Kolkata,West Bengal
