কলকাতা: প্রাসাদোপম প্যান্ডেল, কয়েকশো কর্মী… খরচ হয়েছিল প্রায় দেড়শো কোটি টাকা! সাত দিন ধরে চলেছিল রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান। কি ভাবছেন? এই বিয়ের আসর বসেছিল মুম্বইয়ের বান্দ্রা এলাকায়? সমুদ্রতটে হয়েছিল এই বিয়ের আসর? অতিথিদের তালিকা দেখলেও তেমনটাই মনে হবে। অতিথিদের তালিকায় ছিলেন, আরবাজ খান, আসরানি, জারিন খান, মোনালি ঠাকুরেরা। তবে শুনলে অবাক হবেন, মায়ানগরী নয়, এই বিয়ের আসর বসেছিল, সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায়। টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার বিয়ের অনুষ্ঠানেই হয়েছিল এই রাজকীয় আয়োজন!
রাজকীয় বিয়ে, বলিউড-টলিউডের তারকার সমাগম!
সাধারণ পাথর শ্রমিক থেকে হয়ে উঠেছিলেন ‘পাথরসম্রাট’। টুলু মণ্ডলের রকেট গতির উত্থান হার মানাবে যে কোনও রূপকথাকে! আর বাবার সেই রূপকথায় জাদুকাঠির ছোঁয়া দিয়েছিল মেয়ের বিয়ের অনুষ্ঠান। ২০২৪ সালের ডিসেম্বরে বিয়ে হয় টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার। যে বিয়ের আসর আলো করেছিলেন বলিউড এবং টালিগঞ্জের অসংখ্য তারকা। টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার বিয়ে হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। সিউড়ি থেকে দুবরাজ পুর যাওয়ার রাস্তার ধারে একশো একর জমিতে তৈরি হয় প্যান্ডেল। একমাস ধরে প্রাসাদোপম প্যান্ডেল তৈরি করেন কয়েকশো কর্মী।
বিয়েতে আমন্ত্রিত ছিলেন কয়েক হাজার লোক। কার্ডের সঙ্গে তাঁদেরকে দেওয়া হয় বিশেষ রঙের ব্যান্ড। সেই বা্ন্ডের রং ধরে তাঁদের আপ্য়ায়ন করা হয়। চোখ ধাঁধানো পরিবেশে, ছিল খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন। পসরা সাজানো ছিল, রাজ্য ও ভিনরাজ্যের অসংখ্য পদ। ৭ দিন ধরে চলা অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বই ও টালিগঞ্জের অসংখ্যা তারকা। লাইভ পারফরম্যান্স করেন শিল্পী মোনালি ঠাকুর। উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী জারিন খান। ছিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেতা সৌরভ দাস ও দর্শণা বণিক সহ আরও অনেকে। বিয়েতে উপস্থিত ছিলেন জেলার তৎকালীন শাসক দলের নেতা-নেত্রীরা।
গোটা বিষয়টা নিয়ে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, ‘প্রায় দেড়শো কোটি টাকা খরচ করে না কি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময় একজন ডেলি লেবার ছিল। দিনমজুর ছিল এককথায়। সে দেড়শো কোটি টাকা খরচ করে তাদের টলিউড, বলিউডের নায়ক নায়িকারা গিয়ে নাকি নেচেছে।’ এই অনুষ্ঠানের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানে কোথাও দেখা যাচ্ছে, নাচ করছেন অঙ্কুশ, আবার দেখা যাচ্ছে, গান করছেন শ্রাবন্তী, মোনালি! কিন্তু এই দেড়শো কোটি টাকা জোগাল কে? এই প্রশ্নই এখন ঘুরছে সবার মধ্যেই।