Last Updated:
স্ত্রীর বাবা-মা আর্থিক সহায়তা করছেন, এই কারণ দেখিয়ে স্বামীর ভরণপোষণের দায় এড়ানো যায় না বলে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে এলাহাবাদ হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পিতামাতার আর্থিক সামর্থ্য বা সহায়তাকে স্ত্রীর নিজস্ব আয় হিসেবে ধরা যাবে না। ফলে স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার ক্ষেত্রে স্বামীর আইনগত দায়িত্ব অক্ষুণ্ণ থাকবে।
বাবা-মা আর্থিকভাবে সাহায্য করছেন বলে কোনও স্ত্রীকে স্বামীর কাছ থেকে ভরণপোষণ থেকে বঞ্চিত করা যায় না বলে গুরুত্বপূর্ণ রায় দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালত জানিয়েছে, স্ত্রীর বাবা-মায়ের আয়কে তাঁর নিজস্ব আয় হিসেবে গণ্য করা যাবে না এবং তা স্বামীর আইনগত দায়িত্বের বিকল্পও নয়।
এক নারী ও তাঁর দুই নাবালক সন্তানের করা আবেদনের ভিত্তিতে বুলন্দশহরের পারিবারিক আদালতের একটি নির্দেশ খারিজ করে বিচারপতি গরিমা প্রসাদের বেঞ্চ এই মন্তব্য করে। পারিবারিক আদালত আগে স্ত্রীর ভরণপোষণের দাবি নাকচ করলেও দুই সন্তানের জন্য মাসে ৩,০০০ টাকা করে বরাদ্দ করেছিল।
সেই সিদ্ধান্ত বাতিল করে হাই কোর্ট জানায়, সংকটের সময়ে বাবা-মায়ের আর্থিক সহায়তা স্বামীর আইনগত দায়িত্বের বিকল্প হতে পারে না। আদালতের মতে, ফৌজদারি কার্যবিধির (CrPC) ১২৫ ধারার অধীনে স্ত্রীর ভরণপোষণ নিশ্চিত করা স্বামীর আইনি কর্তব্য।
বিচারপতি গরিমা প্রসাদ পর্যবেক্ষণে বলেন, “স্ত্রীর বাবা-মায়ের আয়কে কখনওই স্ত্রীর নিজস্ব আয় হিসেবে ধরা যায় না। তাই বাবা-মা আর্থিকভাবে সহায়তা করছেন বলে স্বামীর ভরণপোষণের দায়িত্ব থেকে অব্যাহতি মিলতে পারে না।”
মামলার তথ্য অনুযায়ী, ওই নারী ১২৫ ধারায় ভরণপোষণের আবেদন করে অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের হাতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। তাঁর দাবি, স্বামী, যিনি অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ধীরে ধীরে দাম্পত্য সম্পর্ক থেকে সরে যান এবং পরে তাঁকে জানান যে তিনি অন্য এক মহিলাকে বিয়ে করেছেন।
অন্য দিকে, স্বামীর দাবি ছিল, সেনাবাহিনীতে চাকরির সময় তাঁর বেতন থেকে প্রতি মাসে ১১,৩০৩ টাকা কেটে স্ত্রী ও সন্তানদের জন্য দেওয়া হতো। ২০২০ সালের নভেম্বরে অবসর নেওয়ার পর তিনি বর্তমানে মাসে প্রায় ২১,০২৫ টাকা পেনশন পান এবং এর বাইরে তাঁর অন্য কোনও আয়ের উৎস নেই।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর পারিবারিক আদালত স্ত্রীর অভিযোগ খারিজ করে। হাই কোর্ট সেই নির্দেশ সংশোধন করে স্বামীকে স্ত্রীর জন্য মাসে ৫,০০০ টাকা এবং দুই সন্তানের জন্য মাসে ৪,০০০ টাকা করে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত আরও স্পষ্ট করেছে, পরকীয়ার অভিযোগ প্রমাণ ছাড়া কোনও স্ত্রীকে ভরণপোষণ থেকে বঞ্চিত করা যায় না।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 30, 2026 11:26 PM IST
