কলকাতা: আদালতে খুলে গিয়েছে আরজি কর ফাইলস (RG Kar Files)। চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় প্রায় রোজই উঠে আসছে চমকে দেওয়ার মতো সমস্ত তথ্য! আর এবার, সেই সরকার হাসপাতালে চিকিৎসক মৃত্যুর গল্পই উঠে আসবে বড়পর্দায়! পরিচালক সৌভিক দে (Souvik Dey) নিয়ে আসছেন নতুন সিনেমা, ‘দ্য কলকাতা ফাইলস’ (The Calcutta Files)। ছবির পরিচালক, তাপসী দাস (Tapasi Das)। গল্পও লিখেছেন ছবির পরিচালকই। ছবি মুখ্যভূমিকায় অভিনয় করছেন, গৌরব রায়চৌধুরী (Gourab Roy Chowdhury), রজতাভ দত্ত (Rajatava Dutta), পায়েল দাস (Payel Das), চন্দন সেন (Chandan Sen), লাবণী সরকার (Laboni Sarkar), সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee), স্বাগতা মুখোপাধ্যায় (Swagata Mukherjee), অনিন্দ্য পুলক (Anindya Pulak) এবং যুধাজিৎ সরকার (Judhajit sarkar)।
‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্ক
‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবির কথা মনে আছে সবারই। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমাকে, প্রোপাগান্ডা বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, তৎকালীন সরকার তৃণমূলের তরফে। এই ছবির প্রচারে যখন শহরে বিবেক অগ্নিহোত্রী এসেছিলেন, সেই প্রচারের অনুষ্ঠান ঘিরেও বিশৃঙ্খলা তৈরি হয়। এমনকি ছবিটিকে মুক্তি ও পেতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। এই ছবিতে অভিনয় করেছিলেন, সৌরভ সাদ (Saurav Das)। তিনি সরকার বদলের পরে ফেসবুকে সরব হয়েছিলেন যে, এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বিভিন্ন হুমকি পেয়েছিলেন। তাঁর হাত থেকে কাজ পর্যন্ত চলে গিয়েছিল। যেহেতু ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি, সেই কারণে তাঁর পরিবারকে অন্য রাজ্যে এই ছবিটি দেখতে যেতে হয়েছিল। তবে এবার, বাঙালি পরিচালকের হাত ধরে আসছে, ‘দ্য কলকাতা ফাইলস’।
‘দ্য কলকাতা ফাইলস’-এর গল্পে আরজি কর কাণ্ডের ছায়া
আরজি কর কাণ্ডের ছায়া এই ছবিতে রয়েছে, তা ঘোষিত না হলেও, অঘোষিত তো বটেই। পরিচালক ও প্রযোজকের তরফ থেকে জানানো হয়েছে, এই ছবির গল্প কেন্দ্রীভূত এক চিকিৎসকের মৃত্যু ঘিরে। তরুণী চিকিৎসক ডাঃ আরোহী সেন একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি এই হাসপাতালে ঘটে চলা দুর্নীতির প্রতিবাদ করেছিলেন, আর তারপরেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। রহস্যজনক এই হত্যাকাণ্ড গোটা শহরকে নাড়িয়ে দেয়। তদন্তের দায়িত্ব পান সৎ ও নির্ভীক ক্রাইম ব্রাঞ্চ অফিসার আদিত্য বর্মন এবং তাঁর সহকারী চয়ন। তদন্তের যত গিয়ে যায়, ততই সামনে আসে ক্ষমতা, রাজনীতি ও অপরাধের এক গভীর চক্রান্ত। একজন মায়ের ন্যায়বিচারের সংগ্রাম এবং একজন পুলিশ অফিসারের নির্ভীক তদন্তের গল্পই বলবে এই ছবি।
‘দ্য কলকাতা ফাইলস’ নিয়ে কী বলছে পরিচালক?
এই সিনেমাটি নিয়ে পরিচালক বলছেন, ‘দ্য কলকাতা ফাইলস’ -এর গল্পে রয়েছে রহস্য, আবেগ, সংগ্রাম এবং প্রতিবাদ। তবে এর মূল শক্তি লুকিয়ে আছে মানুষের অদম্য ইচ্ছাশক্তিতে। একজন অফিসারের সত্যিকে খুঁজে বের করার জন্য যে সৎ চেষ্টা এবং সাধারণ মানুষের প্রতিবাদ… এই সব আবেগই প্রাণ দিয়েছে গল্পটাকে। আমি বিশ্বাস করি, সিনেমা শুধু বিনোদন ছাড়াও এটি সমাজকে প্রশ্ন করার, ভাবানোর এবং পরিবর্তনের অনুপ্রেরণা দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই ‘দ্য কলকাতা ফাইলস’ নির্মাণের যাত্রা। আশা করি, এই চলচ্চিত্র দর্শকদের শুধু একটি রোমাঞ্চকর গল্পই উপহার দেবে এবং সত্য, ন্যায়বিচার এবং মানবতার প্রতি নতুন করে আস্থা রাখার শক্তিও জোগাবে।’