Last Updated:
ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিল্লির অনুষ্ঠানে ফোনে মোদির প্রশংসা। মার্কিন দূতকে ফোন করে আবেগে ভাসলেন ট্রাম্প। জানালেন তাঁর আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ বন্ধুত্বের কথা। জানালেন, তিনি প্রধানমন্ত্রী বোদির কতবড় একজন ভক্ত, তাঁকে কী পরিমাণ শ্রদ্ধা করেন। এও জানালেন, আমেরিকা ভারতের পাশে সবরকম সাহায্যে আছে
নয়াদিল্লি: আচমকাই ফোন ডোনাল্ড ট্রাম্পের! রবিবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসে চলছিল আমেরিকার ২৫০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান! তখনই সেই ফোন! উপস্থিত অতিথিদের চমকে দিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর-কে ফোন করলেন ট্রাম্প। ফোনালাপে তিনি ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রতি উষ্ণ সমর্থনের বার্তা দেন।
অনুষ্ঠানে কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত সার্জিও গর ট্রাম্পের ফোনালাপটি স্পিকারফোনে চালু করেন। এরপর ট্রাম্প ভারত ও প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করে বলেন তিনি “ভারত এবং প্রধানমন্ত্রী মোদিকে ভালবাসেন।” ট্রাম্পের এহেন কথায় অতিথিদের উচ্ছ্বাস দেখে কে! গোটা হলজুড়ে তখন শুধুই হাততালির শব্দ!
ফোনে ট্রাম্প বলেন, ” ভারত আমার উপর শতভাগ ভরসা করতে পারে। তাদের যদি কখনও সাহায্যের প্রয়োজন হয়, তারা জানে কোথায় ফোন করতে হবে। তারা এখানেই ফোন করবে।”
মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার অর্থনৈতিক শক্তির কথাও তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর ব্যক্তিগত শ্রদ্ধা ও প্রশংসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা খুব ভাল করছি। আমরা একের পর এক রেকর্ড গড়ছি। আমাদের অর্থনীতি রেকর্ড উচ্চতায় রয়েছে, শেয়ারবাজারও রেকর্ড পর্যায়ে আছে। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত।”
ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-রও ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর-ও উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, ” মার্কো অসাধারণ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।” এরপর তিনি রাষ্ট্রদূত সার্জিও গরকে বলেন, “প্রধানমন্ত্রী মোদীকে আমার শুভেচ্ছা জানাবেন এবং তাঁকে বলবেন, আমি তাঁর একজন বড় ভক্ত।”
উত্তরে সার্জিও গর বলেন, “প্রতিবার যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হয়, তাঁর প্রথম প্রশ্নই থাকে, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেমন আছেন?’ এই বিষয়টি তুলে ধরা গুরুত্বপূর্ণ, কারণ এই সম্পর্ক নতুন নয়।” তিনি আরও ইঙ্গিত করেন, ট্রাম্প ও মোদির মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও আরও মজবুত করেছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে ভারত-আমেরিকা অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়ে উঠছে। গর বলেন, “এই কূটনৈতিক পথচলার প্রধান পাথেয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত বন্ধন। প্রেসিডেন্টের সঙ্গে যখনই আমার কথা হয়, তখনই আমি এর প্রমাণ পাই।” তিনি আরও বলেন, ট্রাম্প ও মোদির মধ্যে যে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে, তা ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Kolkata,West Bengal
