ফের ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে। একটি মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ৫০-এর বেশি মানুষ জখম হয়েছেন। পুলিশ অফিসের কাছেই রয়েছে মসজিদটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের এমনই খবর। খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোহাটের পুরোনো পুলিশ লাইনের কাছে একটি মসজিদের কাছে এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে।
কীভাবে ঘটল ঘটনাটি ?
সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকর হামিদ বলেছেন যে, হামলাকারী সম্ভবত বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চালিয়ে মসজিদের ভেতরে ঢুকেছিল। তবে পুলিশ আধিকারিকরা ঘটনাটি তদন্ত করে দেখছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, অন্তত দু’জন বন্দুকধারী পুলিশ কম্পাউন্ডে প্রবেশের চেষ্টাও করেছিল এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের গোলাগুলি বিনিময় হয়।
কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, নমাজের সময় এই বিস্ফোরণটি ঘটে এবং এর ফলে মসজিদের বাইরে একটি গর্তের সৃষ্টি হয়। বিস্ফোরণে আহতদের মধ্যে পুলিশওও রয়েছেন।
আহত ও নিহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর ফলে আশপাশের দোকানপাট ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনায় ক্ষয়ক্ষতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মসজিদের ছাদ ভেঙে পড়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার করছেন উদ্ধারকারী এবং স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভুক্তভোগীদের পরিবারের উদ্দেশে তিনি সমবেদনা জানিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তাঁর কার্যালয়। তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, উদ্ধারকাজ ত্বরান্বিত করতে, আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে, তবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি।
গত অগাস্ট মাসেই শুরুর দিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশে একটি শান্তি মিছিলকে লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোয়াত (Swat) জেলার কাবাল (Kabal) এলাকায় এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন। নিহতদের মধ্যে পুলিশকর্মী ও সাধারণ নাগরিক উভয়েই ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, কাবাল থানার কাছে সন্ত্রাসবাদ বিরোধী শান্তি মিছিল চলছিল। সেই সময় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি জ্যাকেট পরে ভিড়ের মধ্যে ঢুকে বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়া ও ধ্বংসস্তূপে ঢেকে যায় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-র প্রার্থী। TMC News