নয়াদিল্লি : মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে যোগ্য মহিলাদের। সেই মর্মে আজ থেকেই রেজিস্ট্রেশন চালু হয়ে গেল দিল্লি লক্ষ্মী যোজনা-র পোর্টালে। আড়াই লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক আয় রয়েছে এমন পরিবারের ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই লক্ষ্যে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেল। এদিন দুপুর পর্যন্ত ১ হাজার ৮৩ জনের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এমনই তথ্য শেয়ার করেছে সরকার।
দিল্লি সরকারের নারী ও শিশু উন্নয়ন দফতর এমন কিছু শিবির স্থাপন করেছে, যেখানে আবেদনকারীরা নিজেদের যোগ্যতা যাচাই করতে, ব্যক্তিগত ও পারিবারিক তথ্য পূরণ করতে এবং এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। সকাল থেকেই কেন্দ্রগুলির সামনে দীর্ঘ লাইন পড়তে দেখা যায় এবং সেখানকার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের মহিলাদের অনলাইন প্রক্রিয়ায় সহায়তা করতে দেখা যায়। শিবিরে উপস্থিত আধিকারিকরা জানিয়েছেন, প্রথম দিকে প্রতিটি রেজিস্ট্রেশন শেষ করতে ২৫ থেকে ৩০ মিনিট করে লাগছিল। তবে স্বেচ্ছাসেবকরা পোর্টালটির সঙ্গে আরও পরিচিত হয়ে উঠছে এবং আবেদনকারীরা প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে নিয়ে আসতে শুরু করায় সময় কম লাগবে বলে মনে করা হচ্ছে।
এই প্রকল্পের লক্ষ্য হল, দিল্লিতে যোগ্য মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া। বর্তমানে একটি পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং যাচাই-বাছাইয়ের পর রাখি বন্ধনের সময় প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
কিন্তু দিল্লি লক্ষ্মী যোজনার জন্য কোন মহিলারা যোগ্য ?
অবশ্যই ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলা হতে হবে।
অন্তত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা হতে হবে।
বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।
প্রতি পরিবার থেকে কেবল একজন মহিলাই এই সুবিধা পেতে পারেন।
আবেদনকারী ও তাঁর পরিবারের কোনও ফৌজদারি রেকর্ড থাকা চলবে না।
আয়করদাতারা এই প্রকল্পের জন্য যোগ্য নন।
তিনটির বেশি সন্তান রয়েছে এমন মহিলারা এই প্রকল্পের আওতাভুক্ত নন।
কী কী নথি প্রয়োজন ?
আবেদনপত্র পূরণ করার সময় বেশ কিছু নথি সঙ্গে রাখতে হবে। সেগুলি হল…
আধার কার্ড
বাসস্থানের প্রমাণপত্র
আয়ের শংসাপত্র
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর
পাসপোর্ট-সাইজ ছবি (যদি পোর্টালে প্রয়োজন হয়)।