মুম্বই: গতকাল রাতে প্রথম দল হিসাবে চলতি আইপিএল মরশুমে (IPL 2026) পঞ্জাব কিংসকে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস (PBKS vs RR)। তবে এই ম্যাচে তাঁর দল জিতলেও রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) কিন্তু বিতর্কের কেন্দ্রে। ঠিক কী ঘটেছিল?
ম্যাচের মাঝে রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের সময় ক্যামেরা রয়্যালসের সাজঘরে তাক করেছিল। ঠিক তখনই দেখা যায় রয়্যালস অধিনায়ক রিয়ান সতীর্থ যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুড়েলের উপস্থিতিতে, তাঁদের সামনেই ভেপ টানছেন। নির্দিষ্ট স্থান ছাড়া, আইপিএলে সাজঘরের মতো জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, ২০১৯ সালে PECA নিয়ম অনুযায়ী ভারতে ইলেকট্রনিক সিগারেট বা ভেপ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে মোটা জরিমানা, এমনকী জেল পর্যন্ত হতে পারে।
প্রশ্ন উঠছে যেখানে ধূমপান করাই সাজঘরে নিষিদ্ধ সেখানে কীভাবে ভেপ, যা ভারতীয় আইন অনুযায়ী নিষিদ্ধ, সেই দ্রব্য সেবন করছেন রিয়ান? এই ঘটনা একদিকে যেমন পাবলিক ফিগারের সর্বসমক্ষে এমন ধূমপান করায়, তাঁর নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে, পাশাপাশি অ্যাথলিট হিসাবে তাঁর পেশাদারিত্ব নিয়েও উঠে প্রশ্ন। সর্বোপরি ভারতীয় নাগরিক হিসাবে রিয়ান পরাগ সম্পূর্ণ আইনবিরোধী এই কাজ কীভাবে করলেন, তা নিয়েই অনেকে তাজ্জব হয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:- অন্যায্যভাবে আউট দেওয়া হয়েছে অঙ্গকৃষকে? প্রাক্তন আম্পায়ারের মন্তব্যের পর বাড়ল বিতর্ক
এবার রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের তরফে এই ঘটনায় রিয়ান পরাগের থেকে ব্যাখ্যা চাওয়া হচ্ছে। এই বিষয়ে অবগত ব্যক্তিরা দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে রিয়ান পরাগকে গোটা ঘটনায় নিজের দিকটা প্রকাশের সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে রিয়ান কী বলছেন, কী জবাব দিচ্ছেন, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্তগুলি নেওয়া হবে।
What’s happening in the ipl ?#PBKS#RR@IPL @BCCI
Riyan parag is using vape 😱😱😱😓 pic.twitter.com/xVXhb0LKZW— Vansh Goyal (@vanshgoyal0674) April 28, 2026
Sports Tak-কে এক সূত্র জানান, ‘পরাগের থেকে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হবে এবং ফ্র্যাঞ্চাইজ়িকেও তাঁদের অন্দরে কী হচ্ছে, সেই বিষয়ে নজর দেওয়ার জন্য বলা হবে। তবে হ্যাঁ, আমরা এটা নিশ্চিত করব যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
অবশ্য শুধু এই ঘটনা নয়, রাজস্থান রয়্যালস এর আগেও চলতি মরশুমেই বিতর্কে জড়িয়েছে। দলের ম্যানেজার রোমি ভান্ডার আরসিবি ম্যাচে ডাগ আউটে বসেই মোবাইল ফোন ব্যবহার করেন, যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধে। এর জেরে রোমিকে এক লক্ষ টাকা জরিমানা তো করা হয়ই, পাশাপাশি তাঁকে সতর্কও করা হয়। তারপরে রিয়ান পরাগের এই ঘটনায় আবারও সমালোচনার কেন্দ্রে সেই রাজস্থান রয়্যালস।