Last Updated:
Supreme Court On NEET: প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলন চলাকালীন বিক্ষোভ ও লাঠিচার্জের একাধিক মামলার শুনানিতে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কী বললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত?
নয়াদিল্লি: দেশ জুড়ে সিজেপির বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দিল্লি ও দেশের অন্যান্য অংশে সাম্প্রতিক প্রশ্নফাঁস বিক্ষোভ চলাকালীন হওয়া ‘বলপ্রয়োগের’ অভিযোগে পুলিশ ও সিএপিএফ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন, বিচারপতি জয়মাল্য বাগচী এবং জে ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আজ, মঙ্গলবারের শুনানিতে।
প্রধান বিচারপতি সূর্য কান্তর মন্তব্য, “যে-ই বাড়াবাড়ি করে থাকুক, যে-ই নিরীহ মানুষের উপর অত্যাচার করে থাকুক, আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তার জন্য সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায্য তদন্ত হওয়া প্রয়োজন। দায়িত্ব কার, তা নির্ধারণ না হলে তদন্তের কোনও অর্থই হয় না।”
নিট-ইউজি পরীক্ষার অনিয়ম নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-সমর্থিত ছাত্র বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই ধরনের অন্যায়ের জন্য দোষী প্রমাণিত যে কাউকেই আইনের মুখোমুখি হতে হবে।
এই শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “যে-ই বাড়াবাড়ি করুক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। দায়বদ্ধতা নির্ধারণ না করা হলে তদন্ত অর্থহীন”।আদালত প্রশ্ন তুলেছে, বিক্ষোভ চলাকালীন পুলিশের বাড়াবাড়ির অভিযোগের বিষয়েই বা কেন একটি স্বাধীন তদন্ত হবে না?” সূর্য কান্ত তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট বলেন, “এগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন নিঃসন্দেহে। সেই তদন্ত স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া উচিত”। তিনি আরও জানান যে, তদন্ত প্যানেলের গঠন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়ে জানিয়েছে, এই প্রতিবাদগুলো বিক্ষোভ প্রদর্শনের সাংবিধানিক অধিকারের একটি অংশ এবং একই সঙ্গে এবিষয়েও জোর দিয়েছে যে, আইন লঙ্ঘনকে উপেক্ষা করা যায় না। বিচারপতির কথায়, “আমরা মনে করি না যে বিস্তারিত যুক্তিতর্কের প্রয়োজন আছে… এটি ছিল শিক্ষার্থীদের কিছু দাবি নিয়ে করা একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ। এটি সাংবিধানিক নিয়ম মেনেই হয়েছিল”।
এদিনের শুনানির সময়, বিক্ষোভকারীদের পক্ষে উপস্থিত আইনজীবীরা অতিরিক্ত বলপ্রয়োগের একাধিক ঘটনার অভিযোগ তোলেন, যার মধ্যে পেলেট গান ব্যবহার, ইলেকট্রিক ব্যাটন, লাঠিচার্জ এবং সাধারণ পোশাকে থাকা পুলিশ কর্মীদের দ্বারা মারধরের অভিযোগও ছিল। বিক্ষোভ চলাকালীন আটক নাবালকদের নিয়ে ওঠা অভিযোগ সম্পর্কেও আদালতকে জানানো হয়। রাজ্যসভার সাংসদ মনোজ ঝা-র দায়ের করা একটি আবেদনে বিহারের সিওয়ানের একটি ঘটনার উল্লেখ করা হয়, যেখানে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একজন বিক্ষোভকারীর উপর একে-৪৭ ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
Kolkata,West Bengal
Jul 28, 2026 12:50 PM IST
