নয়াদিল্লি: দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। তবে চোট সারিয়ে সেই ১৯ এপ্রিলই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার। তবে তারপরে কেকেআর দুই ম্যাচ খেলে ফেললেও এখনও অবধি কোনও ম্যাচেই খেলেননি তিনি। অবশেষে কি আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs KKR) মাঠে নামবেন তিনি?
রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআর মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) জানান পাথিরানা মাঠে ফেরার খুব কাছাকাছি রয়েছেন। তিনি বলেন, ‘ও ম্যাচ খেলার খুব কাছাকাছি পৌঁছেছে, তবে ওর চোটটা এমনই যে সেই দিকটা ভেবে আমরা ওকে তড়িঘড়ি মাঠে নামাতে চাইছি না। আমরা তো সবাই চাইছি যে ও যাতে দ্রুত মাঠে ফেরে, তবে সময়টা খুব গুরুত্বপূর্ণ। ওর মতো গুণাবলী সম্পন্ন একজন আমাদের গ্রুপের আশেপাশে থাকাটা দারুণ বিষয়।’
কেকেআর নাগাড়ে তিন ম্যাচ জিতে খানিকটা ছন্দে ফিরেছে। তবে চূড়ান্ত হতাশাজনক প্রথমার্ধের জেরে প্লে-অফের রাস্তাটা কেকেআরের জন্যে এখনও অত্যন্ত কঠিন। কারুর উপর নির্ভরশীল না হয়ে প্লে-অফে পৌঁছনোর জন্য কেকেআরকে নিজেদের বাকি পাঁচ ম্যাচও জিততে হবে। তবে ব্র্যাভো জানাচ্ছেন দল লিগ তালিকায় কোথায় আছে, সেইসব নিয়ে খুব একটা বেশি ভাবছে না, খালি প্রতিটি ম্যাচে নজর দিয়ে, সেই ম্যাচেই জয়ের জন্য ঝাঁপাচ্ছে তারা।
আরও পড়ুন:- কেন গত বারের চ্যাম্পিয়ন আরসিবির ‘হোমগ্রাউন্ডে’ হবে না আইপিএল ফাইনাল? জানাল বিসিসিআই
‘আমরা টেবিলের দিকে তাকিয়ে খুব একটা উদ্বিগ্ন হচ্ছি না। আমাদের কোচেদের তরফে একটাই বার্তা দেওয়া হয়েছে যে প্রতিটি ম্যাচকেই শেষ সুযোগ ভেবে জয়ের জন্য ঝাঁপাও, বাকি ম্যাচগুলি জেতার দিকে নজর দাও, আর বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দাও। আমাদের শুরুটা খুবই খারাপ হয়েছিল, তবে শেষ তিনটি ম্যাচে উন্নতির আভাস পাওয়া গিয়েছে এবং তাতে দলের সকলের আত্মবিশ্বাসও বেড়েছে। ফলাফলটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমাদের প্রস্তুতির প্রক্রিয়াটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।’ জানান ব্র্যাভো।
কেকেআর ও দিল্লি ক্যাপিটালস আজ অরুণ জেটলি স্টেডিয়ামের ছয় নম্বর পিচে ম্যাচ খেলবে শোনা যাচ্ছে। এই পিচেই কিন্তু দিল্লি ক্যাপিটালস সুবিশাল ২৬৪ রান তুলেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। ভাল পিচ, ছোট মাঠ এবং তারকা ব্যাটারদের নিয়ে তৈরি এই দুই দলের আজকের ম্যাচও তাই হাইস্কোরিং হওয়ারই পূর্ণ সম্ভাবনা রয়েছে।