Last Updated:
ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তাঁর জীবনতলার বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তালা ঝুলতে দেখে পাশে থাকা দলীয় কার্যালয়ে তল্লাশি চালান। খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। অবশেষে শওকত মোল্লাকে পাকড়াও করল পুলিশ।
কলকাতা: শওকত মোল্লার তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। এই মোবাইল ফোন তিনটি থেকে তথ্য উদ্ধারের জন্য তা ফরেন্সিকে পাঠানো হচ্ছে। বিস্ফোরণের ঘটনার পরে শওকতের সঙ্গে কারা কারা যোগাযোগ করেছিলেন? সেই সমস্ত তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছে এনআইএ। এমনকী, তাঁর ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখে আগাম জামিনের আবেদন করার চেষ্টা করছিলেন শওকত। সেই ঘনিষ্ঠ ব্যক্তির মোবাইল ফোনের সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন তিনি। আজ, শনিবার মেডিক্যাল পরীক্ষা করানোর পর আদালতে পেশ করানো হবে শওকতকে।
এর আগে ৪ জুন ভোরে শওকতের বাড়িতে পৌঁছনোর পর এনআইএ আধিকারিকরা দেখতে পান তালা ঝুলছে। এরপর আশপাশে খোঁজখবর নেওয়ার পাশাপাশি শওকত মোল্লার কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এনআইএ আধিকারিকরা তাঁর ছেলের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদের জন্য পরে ছেলেকে আটক করা হয়। চিরুনি চল্লাশি চালানো হয় এলাকায়। তবে শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয় ছেলেকে। জিজ্ঞাসাবাদ করা হয় শওকত মোল্লার স্ত্রী ও মেয়েকেও। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর পরেই শওকতকে গ্রেফতার করা হল।
এনআইএ সূত্রে দাবি, তদন্তের চাপ বাড়তেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন শওকত মোল্লা । এমনকী, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন বলেও তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান । সীমান্তবর্তী কয়েকটি রুট নিয়েও খোঁজখবর নিচ্ছিলেন বলে তদন্তে উঠে এসেছে বলে খবর । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শওকত মোল্লা বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এনআইএ সূত্রে খবর, সোনারপুরের কামালগাছি থেকে তাকে ধরা হয়েছে। এরপরই তাকে সরাসরি এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়। আজ, শনিবার তাকে আদালতে পেশ করা হবে।
Kolkata,West Bengal
Jun 06, 2026 10:45 AM IST
