Last Updated:
৬ নম্বর মুরলীধর সেন লেন। বিজেপির কলকাতার সবচেয়ে পুুরোনো অফিস। শ্যামাপ্রসাদের জীবনের অনেকটা সময় কেটেছে এই বাড়িতেই। হিন্দুদের হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা অসীম। শ্যামাপ্রসাদের জীবন নিয়ে এবার এই বাড়িতে তৈরি হবে মিউজিয়াম। ১৯৫০-এর দশকে ভারতীয় জনসংঘের সময় থেকেই এই বাড়ির একাংশ রাজনৈতিক নানা কাজে ব্যবহার করা হত। শ্যামাপ্রাসাদ থেকে শুরু করে অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী-সহ ভারতীয় রাজনীতির বহু নেতা এখানে এসেছেন। বিজেপির কাছে এই বাড়ি আজও আবেগের।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এই শহর তথা বাংলার এমন অনেক ঐতিহাসিক বাড়ি আছে যা আমাদের সমৃদ্ধ অতীতের কথা মনে করিয়ে দেয়। তেমনই এক বাড়ি, বিজেপির কলকাতার সবচেয়ে পুরনো অফিস, যা ৬ নম্বর মুরলীধর সেন লেনে অবস্থিত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাড়িতে বসেই নানান কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গিয়েছেন। জীবনের অনেকটা সময় এই ঐতিহাসিক বাড়িতে কাটিয়েছেন তিনি। হিন্দুদের হোম ল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা অসীম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও উত্তরাধিকার নিয়ে খুব শীঘ্রই একটি মিউজিয়ামে রূপান্তরিত হবে এই বাড়িতে। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচাৰ্য।
এই বাড়িটি অনেক ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব বহন করে। বছরের পর বছর এই ঠিকানা রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল, যা বিজেপির আদর্শ ধারার সঙ্গে যুক্ত। বঙ্গ বিজেপির অন্যতম সদর দফতরের এই বাড়িটিও কম উল্লেখযোগ্য নয়। বিজেপির এই সদর দফতরটি ১৯৫০-এর দশকে ভারতীয় জনসংঘের সময় থেকেই এই বাড়ির একাংশ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হত। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী-সহ ভারতীয় রাজনীতির বহু মহীরুহ এই বাড়িতে এসে তাঁদের রাজনৈতিক আলোচনাকে এগিয়ে নিয়ে গিয়েছেন।
ভারতীয় জনসংঘ গঠনের পর ১৯৫১ সালে, এই বিল্ডিংটি পার্টির কলকাতা অফিস হিসেবে ব্যবহৃত হত। যখন বিজেপি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়, তখনও এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কেন্দ্র হিসেবে কাজ করত ৷ যেখানে বিজেপির নেতারা এবং পূর্বের জনসংঘের সঙ্গে যুক্ত সদস্যরা থাকতেন। পার্টির নেতারা মনে করেন, এই বিল্ডিংটি বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরাধিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। আজ, সোমবার এখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন হয়। যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শমীক ভট্টাচার্য ও অন্যান্যরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন।
এই বাড়িটি আজও আবেগ বিজেপির কাছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, শ্যামাপ্রসাদের বাংলাতে প্রথমবার বিজেপি সরকার গঠনের পর কলকাতার এই মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয়ের গুরুত্ব আরও বেড়েছে।
Kolkata,West Bengal
