কলকাতা: স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) গ্রেফতার হওয়ার পর থেকেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। কোথাও তাঁর ‘চ্যালেঞ্জ নিবি না’ গানে নাচ ভাইরাল তো কোথাও আবার তাঁর সিনেমার একাধিক দৃশ্য, ছবি, সংলাপ ভাইরাল হচ্ছে। যাঁরা টলিপাড়া সম্পর্কে সামান্য খবর রাখেন, তাঁদের এই কারণ আর আলাদা করে বুঝিয়ে দিতে হবে না। স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের বিরুদ্ধে মামলা দায়ের করার খেসারৎ দিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য এবং আরও বেশ কয়েকজন শিল্পী। মাসের পর মাস এমনকি বছর ঘুরে গেলেও, কাজ ছিল না তাঁদের হাতে। এমনকি অনির্বাণদের গানের দল, ‘হুলিগানইজম’-এর অনুষ্ঠান বাতিল হওয়ার মতো ঘটনাও ঘটেছিল। অবশেষে স্বরূপ-যুগের ইতি। শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গতকালই গ্রেফতার করা হয়েছে, স্বরূপ বিশ্বাসকে। আজ তাঁকে আদালতে পেশ করা হয়। ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
স্বরূপ বিশ্বাসকে নিয়ে সাফ জবাব অনির্বাণ ভট্টাচার্যের
অনির্বাণ অবশ্য নিজের মতামত নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। তিনি সাধারণত সোশ্যাল মিডিয়ায় নিজের কাজ সক্রান্ত বিষয়ই শেয়ার করে নেন। তবে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেরদিনই তিনি গিয়েছিলেন শহরের একটি বিপনি সংস্থার অনুষ্ঠানে। সেখানে গিয়ে স্বরূপ বিশ্বাসকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা পরিচালক। সেখানে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে লড়াই করেছিলেন, অনেকের অনেক ক্ষতিও হয়েছে। আমি তো ইন্ডাস্ট্রির আলোকজ্জ্বল দিকের লোক। আমি অভিনেতা, আমার গ্ল্যামার ওয়ার্ল্ডে যাতায়াত.. কিন্তু তুলনামূলকভাবে যেটা কম আলোর দিক, আমাদের প্রতিদিনের যাঁরা কলাকুশলী, যাঁদের আমরা টেকনিশিয়ান্স বলি, উপার্জনগত জায়গা থেকে হোক বা গ্ল্যামারগত জায়গা থেকে.. ইন্ডাস্ট্রিতে তাঁরা অনেকটাই পিছিয়ে। তাঁরা নানা ইনসিকিওরিটির মধ্যে থাকেন, অসুবিধার মধ্যে থাকেন, তাঁরা অনেক বেশি ভুগেছেন। গতকাল স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছে বলে জানি, এমনটা নয়। আমরা তো এটা আগে থেকেই জানতাম। জানি বলেই, এর বিরুদ্ধে কথা বলেছিলাম।’ প্রসঙ্গত, দীর্ঘদিন পরে ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন অনির্বাণ। দেবের প্রথম পরিচালনায় কাজ করছেন তিনি। এই ছবিতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিকও। সদ্য এই ছবির মহরত হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে শ্যুটিংও।
আরও পড়ুন: Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী