কলকাতা: আরজি করে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। পথে নেমেছিলেন বহু সাধারণ মানুষ, আর সেই ভিড়ে একেবারে সামনের সারিতে ছিলেন বহু টলি তারকারাও। তাঁরা পথে নেমেছেন, সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন, রাতের পর রাত জেগেছেন পথে বসে। সেই তালিকায় অন্যতম ছিলেন, সঙ্গীতশিল্পী লগ্নজিত চক্রবর্তী (Lagnajita Chakraborty)। আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। সেই কারণে তাঁকে কাজ হারাতে হয়েছে, এই প্রসঙ্গ বারে বারেই তুলেছেন লগ্নজিতা। আর এবার, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরে, ফের একবার সেই কঠিন সময় নিয়ে, কাজ না পাওয়া নিয়ে সরব হলেন লগ্নজিতা।
আরজি কর কাণ্ডের পরে আড়াই বছর মঞ্চেই উঠতে পারেননি লগ্নজিতা!
স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে, লগ্নজিতা বলেন, ‘আর জি করের (RG Kar) ঘটনার পরে, সরকার আমায় ‘ব্যান’ করেন, মঞ্চে শো করতে গিয়েই সেটা প্রথম বুঝতে পেরেছিলাম। শেষ ২-আড়াই বছর কোনও লাইভ অনুষ্ঠান, মানে মঞ্চে শো করতে পারিনি। তবে আরজি কর কাণ্ডে প্রতিবাদ করার পরেও প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু প্লেব্যাকটা মুক্তি পাওয়ার পরে যে, স্টেজে আবার সেই গানটা গাইব, সেই সুযোগ পাইনি। শুধু স্টুডিওতেই গেয়েছিলাম।’ এর আগে, মঞ্চানুষ্ঠানে লগ্নজিতার ব্যান হওয়ার প্রসঙ্গ বারে বারে এসেছে। তৃণমূল কাউন্সিলরের আয়োজিত অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল লগ্নজিতার, কিন্তু শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। শিল্পী বদল করে নিয়ে আসা হয়েছে নচিকেতাকে। সেই সময় ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে সরব হয়েছিলেন লগ্নজিতা। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে, ফের একবার মুখ খুললেন তিনি।
‘জাগো মা’ গেয়ে হেনস্থা!
এর আগে, মঞ্চে ‘জাগো মা’ গাওয়ার জন্য হেনস্থার মতো ভয়াবহ অভিজ্ঞতা পর্যন্ত হয়েছিল লগ্নজিতার। পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে একটি গানের অনুষ্ঠানে জনপ্রিয় গান, ‘জাগো মা’ গেয়েছিলেন লগ্নজিতা। কিন্তু তাঁর গান শেষ হতে না হতেই মঞ্চে উঠে আসেন এক ব্যক্তি। সেই সময়ে লগ্নজিতা বলেছিলেন, ‘অভিযুক্ত আমায় মারতে মঞ্চে উঠে পড়েছিলেন, কিন্তু আমায় আঘাত করতে পারেননি। আমার হাতে মাইক্রোফোন ছিল। উনি চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেক্যুলার গা।’ গান নয়.. আপনি করেও বলেননি। গোটা ঘটনাটা আমি সঙ্গে সঙ্গে দর্শকদের মাইক্রোফোনে জানাই। আমি শান্তভাবে বলি, ‘যা হল, সেটা আপনাদের চোখের সামনেই হল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এরপরে তো আর আমার পক্ষে গান করা সম্ভব নয়। আমি নেমে যাচ্ছি।’ এই ঘটনা নিয়ে পুলিশেও অভিযোগ করেছিলেন লগ্নজিতা।
আরও পড়ুন: Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী