Last Updated:
Supreme Court I-PAC Case: সর্বোচ্চ আদালতে আইপ্যাক মামলার শুনানি। মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের কাজে বাধা দিয়েছেন। নির্বাচনের ফল বেরোনর পর আজ এই মামলায় কী সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী? সেদিকে তাকিয়ে বাংলা!
নয়াদিল্লি: আজ সর্বোচ্চ আদালতে হাই ভোল্টেজ আইপ্যাক মামলার শুনানি। মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের কাজে বাধা দিয়েছেন। শুধু তাই নয় তদন্তের ফাইল আধিকারিকদের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন বলেও গুরুতর অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এতদিন সওয়াল করে এসেছে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবীরা। অন্যদিকে পাল্টা সওয়াল চলছে ইডির তরফে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য সরকার বদল হওয়ার পর মামলার গতিপথ কোন দিকে এগোয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, গত কয়েক দফা সওয়াল জবাব চলাকালীনই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল একজন মুখ্যমন্ত্রী যদি তদন্তস্থলে পৌঁছে যান এবং তদন্তে হস্তক্ষেপ করেন তবে তা গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। আইপ্যাক মামলার শেষ শুনানিতে গত তেইশে এপ্রিল প্রথম দফার ভোটের দিন সুপ্রিম কোর্টে দু’পক্ষের সওয়াল জবাব চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “বাংলার আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। কারও আপত্তি থাকলেও আমাদের এটা বলতেই হবে।” তিনি আরও বলেন, “আমরা এখন দাবি জানাচ্ছি, পুরো তদন্তটাই নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দিয়ে করানো হোক।”
মৌলিক অধিকারের প্রশ্ন তুলে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আজ যদি ইডি অফিসারদের ব্যক্তিগত অধিকার না মান্যতা পায় তাহলে আগামী দিনে কোনও একজন পুলিশ অফিসার বা একজন বিচারকও যদি কখনও মনে করেন তাঁর অধিকার খর্ব হচ্ছে, তাহলে তিনি মৌলিক অধিকার খর্বের অভিযোগ জানাতে পারবেন না। অনেক ক্ষেত্রে রাজ্যও মৌলিক অধিকার খর্ব হওয়ার অভিযোগ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। সর্বোচ্চ আদালত সে আবেদন বিচার করেছে।
Kolkata,West Bengal
May 13, 2026 11:13 AM IST
