Last Updated:
হরমুজ প্রণালী পেরোতে ইরানকে শুল্ক দিতে হবে জাহাজগুলিকে। কিন্তু ভারতকেও কি সেই শুল্ক দিতে হবে? এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে তেহরানও।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের কাছ থেকে সার্ভিস ফি নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইরান। এই সিদ্ধান্তের জেরে প্রশ্ন উঠেছে, ভারতীয় জাহাজগুলিকেও কি ওই ফি দিতে হবে? যদিও তেহরান ইঙ্গিত দিয়েছে, যেসব দেশকে তারা ‘বন্ধুত্বপূর্ণ’ বলে মনে করে, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হতে পারে।
শনিবার বেজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেন, “হরমুজ প্রণালী আমাদের আঞ্চলিক জলসীমার অংশ। তাই পরিষেবা বাবদ ফি অবশ্যই নেওয়া হবে।” তবে তিনি স্পষ্ট করে দেন, এই অর্থকে ‘টোল’ হিসেবে দেখা উচিত নয়।
তিনি আরও বলেন, “যেসব দেশ কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তাদের জন্য বিশেষ সুবিধার বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে।” যদিও কোন দেশের ক্ষেত্রে কী ভাবে এই ফি প্রযোজ্য হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ইরান। তবে এর আগে ভারতের প্রতি তেহরানের আশ্বাসে ইঙ্গিত মিলেছিল যে, নয়াদিল্লির ক্ষেত্রে অন্য দেশগুলির মতো নিয়ম প্রযোজ্য নাও হতে পারে।
ভারতকে আগেই আশ্বস্ত করেছিল ইরান
গত ১৩ এপ্রিল ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি জানিয়েছিলেন, সাম্প্রতিক পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও ভারতীয় তেলবাহী জাহাজের কাছ থেকে কোনও ধরনের টোল বা অতিরিক্ত অর্থ আদায় করা হয়নি।
তাঁর কথায়, “আপনারা ভারত সরকারের কাছেই জানতে পারেন, আমরা এখনও পর্যন্ত কোনও অর্থ নিয়েছি কি না।” তিনি আরও বলেন, “এই কঠিন সময়েও ভারত ও ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো। দুই দেশের স্বার্থ ও ভবিষ্যৎ পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”
ফাতহালির দাবি, “ভারত সরকারের সঙ্গে ইরানের সম্পর্ক দৃঢ় ও বিশ্বাসযোগ্য। কঠিন সময়ে ভারত সবসময় সংবেদনশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কও বহু পুরনো ও গভীর।”
তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতেও ভারতীয় জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে। যদিও এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা ব্যবস্থা পরে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রফতানির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে নতুন কোনও নিয়ম বা ফি চালু হলে তার প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব জ্বালানি বাজারে পড়তে পারে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
