কলকাতা: বিগ বসের বাংলার (Big Boss Bangla) ঘর দেখলে এখন মনে হতেই পারে, ‘বসন্ত এসে গেছে’। যাঁরা বিভিন্ন ভাষায় ‘বিগ বস’ নিয়মিত দেখেন, তাঁরা মনে করেন বিগ বসের ঘরে শুধুই মনোমালিন্য আর রেশারেশি নয়, প্রেমের ছোঁয়া না থাকলে, খেলা যেন জমেই না। বিগ বসের ইতিহাসে এই ঘটনা বারে বারে হয়েছে, যেখানে এই ঘরের প্রেম গড়িয়েছে বাস্তবেও। ‘বিগ বস’ হাউজ থেকে প্রেম শুরু হয়েছে এবং বাস্তবে তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন, এই উদাহরণ কম নেই একেবারেই। এমনকি বাংলা বিগ বসেও এর আগে এমন ঘটনা ঘটেছে। আর চলতি শিবিরের বিগ বস বাংলার ঘরেও এখন বইছে প্রেমের হাওয়া।
বিগ বসের ঘরে রাজবীর দে (Rajveer Dey) আসতেই সমীকরণ দ্রুত বদলাচ্ছে। তিনি ঘরে আসার পরে, প্রাথমিকভাবে জয়িতার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তাঁর। তবে পরবর্তীতে রাজবীরকে কখনও সৃজলার সঙ্গে আবার কখনও নন্দিনীর সঙ্গে মিষ্টি আলাপ আর খুনসুটি করতে ধরা পড়েছে ক্যামেরায়। হলের সোফায় বসে কথা বলতে বলতে রাজবীর যেমন অকপটে স্বীকার করে নিয়েছেন যে, সৃজলাকে তাঁর ভাল লাগে। তেমনই আবার নন্দিনীকে তিনি বলেছেন যে, এই হাউজে আসার আগে তাঁর প্রথমে মনে হয়েছিল, নন্দিনী শুধুই একটা মিষ্টি মেয়ে। কিন্তু এই হাউজে এসে, তিনি নাকি বুঝতে পেরেছেন, নন্দিনী যথেষ্ট যোগ্য প্রতিযোগী। বারে বারে রাজবীরকে শোনা গিয়েছে, নন্দিনীকে ‘স্ট্রং ওম্যান’ বলে উল্লেখ করতে। আর ক্যাপ্টেন্সি টাস্কের পরে, রাজবীর আর নন্দিনীকে পাশাপাশি শুয়ে গল্প করতেও দেখা গেল। ক্যামেরায় ধরা পড়ল, নন্দিনীর হাত ধরে রয়েছেন রাজবীর। তাঁরা আলোচনা করছেন, টাস্কে কী কী হতে পারত.. এই সমস্ত বিষয় নিয়ে। সেখানেও রাজবীরের গলায় শোনা যায় নন্দিনীর প্রশংসা। আবার ক্যামেরায় ধরা পড়েছে যে, বাড়ির পরিস্থিতি নিয়ে মাথা গরম করছেন রাজবীর, আর তাঁকে শান্তনা দিচ্ছেন নন্দিনী। কথা বলতে বলতে রাজবীর নন্দিনীকে জড়িয়ে ধরে বলেন, ‘তুমি আছো বলে মাথাটা একটু ঠাণ্ডা হল।’ কিন্তু এই সম্পর্ক কি বন্ধুত্বের, নাকি কোথাও শুরু এক মিষ্টি প্রেমের? একি এর কিছুই নয়, সবটাই খেলার অংশ? উত্তর দেবে সময়।
অন্যদিকে সৃজলা আর দুর্নিবারের মধ্যে বিগ বস হাউজে একটা ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। সৃজলাকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এই মুহূর্তে দুর্নিবারের সঙ্গে তাঁর সবচেয়ে ভাল কথাবার্তা হয়। দুর্নিবারকে অবশ্য লম্বা দৌড়ের ঘোড়া বলেই মনে করছেন দর্শকেরা। বিভিন্ন সময়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেও, কখনও তাঁকে মেজাজ হারিয়ে চিৎকার চেঁচামেচি করতে দেখা যায়নি।
আরও পড়ুন: Big Boss Bangla: ভরত কলের পরে, বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন কে? সম্প্রচারের আগেই খবর ফাঁস