পর্দায় জমজমাট সমীকরণ, ব্যক্তিগত সম্পর্ক, বিচ্ছেদ.. এই সমস্ত কিছু পেরিয়ে, ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। এবার পুজোয় ‘দেশু7’-এর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ, প্রভাব ফেলেছে পর্দাতেও। নায়ক নায়িকা আর একসঙ্গে অভিনয় করেন না.. টলিউড থেকে শুরু করে বলিউড, এই নজির কিছু কম নেই। ব্যক্তিগত জীবনের মান-অভিমান পেরিয়ে, দেব শুভশ্রীরও ফের জুটি বাঁধতে সময় লেগে গেল, ১০ বছর!

কিন্তু কেন? কোন ম্যাজিকে ফের এক হলেন দেব-শুভশ্রী? এই কথা বলতে গিয়ে, নায়ক-নায়িকা ২ জনেই কারণ হিসেবে দেখিয়েছেন, ‘ধূমকেতু’-র মুক্তিকে। শ্যুটিংয়ের ১০ বছর পরে, মুক্তি পেয়েছে এই সিনেমা।

প্রযোজক-অভিনেতার সমস্যার কারণে, শ্যুটিংয়ের ১০ বছর পরে, মুক্তি পায় ‘ধূমকেতু’। আর সেই সিনেমার প্রচারেই দীর্ঘদিন পরে একসঙ্গে, রঙমিলান্তি পোশাকে মঞ্চে আসেন দেব-শুভশ্রী। আবেগে উচ্ছ্বাসে ভেসে যায় সোশ্যাল মিডিয়া।

দেব-শুভশ্রী ২ জনেই এক বাক্যে বলেছেন, ওই অনুষ্ঠানের পরেই তাঁরা বুঝতে পারেন যে, দর্শকেরা তাঁদের আবার একসঙ্গে দেখতে চান। এত বছর পর্দায় সিনেমা না করার পরেও, তাঁদের জুটির জনপ্রিয়তা এখনও অমলিন।

এরপরে পুজোয় ছবি মুক্তি দেওয়া নিয়ে, তৃণমূল সরকারের আমলে যখন টলিউডে প্রায় একঘরে হয়ে পড়েছিলেন দেব, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুজোয় তাঁর সিনেমা মুক্তি পাবে না। সেই সময়েই দেব যোগাযোগ করেন শুভশ্রীর সঙ্গে!

শুভশ্রীকে দেব বলেছিলেন, তাঁর কাছে চিত্রনাট্য নেই, পরিচালক নেই। নেই কোনও পরিকল্পনাও। কিন্তু তিনি শুভশ্রীর সঙ্গে একটি নতুন ছবি তৈরি করতে চান। দেব শুভশ্রীকে এইটুকু আশ্বাস দিয়েছিলেন যে, শুভশ্রীর অসম্মান হতে দেবেন না।

দেবের কথায়, রাজি হয়ে যান শুভশ্রী। ঘোষণা করা হয়, ‘দেশু7’। এরপরে শুভশ্রী জানতে পেয়েছিলেন, অন্য কোনও পরিচালক নয়, দেব নিজেই এই ছবি পরিচালনা করতে চলেছেন। শুভশ্রী আনন্দিত হয়েছিলেন কারণ বারে বারে কথা বলতে বলতে তাঁর মনে হয়েছিল, সিনেমা নিয়ে দেবের মাথায় ছবিটা ভীষণ পরিষ্কার। ফলে তিনি পরিচালনা করলে, সেটা ছবিটার সঙ্গে ন্যায়বিচারই করা হবে।

দেবের প্রথম প্রযোজিত ছবিতে ছিলেন শুভশ্রী, আর নায়কের পরিচালক হয়ে ওঠার সফরের সাক্ষীও থাকলেন, সেই শুভশ্রীই। দেবের পরিচালনার ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

শুভশ্রী বলেন, তিনি ও দেব একসঙ্গে কাজ করবেন না, এমন ঘোষণা করেননি কখনও। কিন্তু কখনও কোনও চিত্রনাট্য পড়ে মনে হয়নি যে, তাঁদের একসঙ্গে হওয়া উচিত ফের। হয়তো সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন সবাই, আসলে সঠিক সময় না আসলে, কিছুই সম্ভব হয় না।
Published at : 17 Sep 2026 09:07 PM (IST)