কলকাতা: চলতি বছরের ১৫ অক্টোবর থেকে UPI পেমেন্টের Merchant Discount Rate বা MDR কাঠামোয় পরিবর্তন আসতে চলেছে। ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক ক্ষেত্রে ০.৪ শতাংশের বদলে মাত্র ৫ টাকা ফ্ল্যাট MDR দিতে হবে ব্যবসায়ীদের। তবে এই চার্জ কোনও ভাবেই সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে না।
আরও পড়ুন: ২০০০ টাকার বেশি লেনদেনে কত টাকা কাটবে, হার বেঁধে দিল কেন্দ্র, নেপথ্যে কোন ফর্মুলা?
নতুন কাঠামোয় রেলওয়ে, টেলিকম পরিষেবা, বিমা এবং জ্বালানি-সহ কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রকে এই বিশেষ সুবিধার আওতায় রাখা হয়েছে। অর্থাৎ, কোনও যোগ্য ব্যবসায়ীর ক্ষেত্রে ১০ হাজার টাকার UPI পেমেন্ট হলেও MDR হবে ৫ টাকা। সাধারণ ০.৪ শতাংশ হারে হলে একই লেনদেনে চার্জ দাঁড়াত ৪০ টাকা।
Regarding Merchant Discount Rate (MDR) on Select UPI (P2M) Transactions
Please refer to the FAQs here: https://t.co/DTOZFVHAVB pic.twitter.com/4HMU0YZ2AC
— NPCI (@NPCI_NPCI) September 15, 2026
পেট্রোল পাম্পেও এই নিয়ম কার্যকর হবে। ২ হাজার টাকার বেশি জ্বালানি কেনার ক্ষেত্রে UPI লেনদেনে MDR সর্বোচ্চ ৫ টাকা থাকবে। অন্যদিকে, ২ হাজার টাকার কম জ্বালানি কেনাকাটায় MDR শূন্যই থাকবে। ফলে ১ হাজার ৫০০ টাকার জ্বালানির দাম UPI-তে মেটালে ব্যবসায়ীর কোনও MDR দিতে হবে না।
আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক কেন চাইছে IPO নিয়ে আসুক টাটা? আর কেনই বা শেয়ার বাজারে আসতে চাইছে না টাটা সন্স?
বিদ্যুৎ, পুরসভার জল এবং পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের মতো সরকারি ইউটিলিটি বিলের ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে। ২ হাজার টাকার বেশি পেমেন্টে ফ্ল্যাট ৫ টাকা এবং তার কম লেনদেনে MDR শূন্য থাকবে।
বর্তমান কাঠামোয় ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হওয়ার কথা। ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনে এই চার্জ সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। ফলে উচ্চমূল্যের লেনদেনে নির্দিষ্ট ক্ষেত্রে ফ্ল্যাট ৫ টাকা MDR ব্যবসায়ীদের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ৫ টাকা গ্রাহককে দিতে হবে না। MDR মূলত ব্যবসায়ীর উপর ধার্য হওয়া চার্জ। ফলে নতুন নিয়মেও গ্রাহক UPI ব্যবহার করে অতিরিক্ত লেনদেন ফি ছাড়াই পেমেন্ট করতে পারবেন।