কলকাতা: ‘যেখানে সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-কে চিনতাম না বলে’, বিতর্কে জড়িয়েছেন আমির খান (Aamir Khan), সেখানে সোনম ওয়াংচুকেরই পাশে দাঁড়ালেন, আমির খানের প্রাক্তন স্ত্রী, কিরণ রাও (Kiran Rao)। সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে ফেলেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ‘আই সাপোর্ট সোনম’ লেখা ছবি। পাশাপাশি একটি লম্বা লেখা লিখেছেন কিরণ। যেখানে তাঁর প্রাক্তন স্বামী সোনম ওয়াংচুক এবং ‘থ্রি ইডিয়েটস’ ছবিটি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, সেখানে সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে কী বললেন কিরণ রাও?
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে কী বার্তা কিরণ রাওয়ের?
সোশ্যাল মিডিয়ায় কিরণ রাও লিখেছেন, ‘আমি সোনম ওয়াংচুক, অভিজিৎ দীপকে ও ককরোচ জনতা পার্টিকে সমর্থন করছি। শুধু ওঁরা নন, এই ভারতের যে কোনও বয়সী মানুষ, যাঁরা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করছেন, তাঁদের সবার পাশে আমি রয়েছি। সোনমজী-কে আমার সালাম। শুধু উনি নন, নেহা, মণীষ, আমিন… আরও সবাইকে যাঁরা অনশন করছেন, তাঁরা সবাই যেন বিচার পান। আমরা আপনার কাছে চির ঋণী, আপনি আমাদের উদাসীনতা ভেঙে দিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন, সব মানুষের স্বরই গুরুত্বপূর্ণ। এটা বড় দুঃখের যে, ১৯ দিন কেটে যাওয়ার পরেও প্রায় সবাই নীরব। ক্ষমতায় থাকা মানুষ আর কবে সাধারণ মানুষের কথা শুনবেন? এই নীরবতা বিস্ময়কর, অমানবিক। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুন। শিক্ষার্থীদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন। এই অচলাবস্থার অবসান করুন। আমরা দেশের সাধারণ মানুষ, প্রতিবাদ করা, কন্ঠস্বর তোলা তো আমাদের অধিকার।’
সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কিত মন্তব্য আমিরের
অন্যদিকে, সোনম ওয়াংচুককে নিয়ে কথা বলতে গিয়ে আমির সম্প্রতি বলেছেন, ”থ্রি ইডিয়েটস’ ছবিটা সোনম ওয়াংচুককে নিয়ে তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যখন এই ছবিটা তৈরি হয়, সেই সময়ে তো আমি সোনম ওয়াংচুক সম্পর্কে জানতামই না। আমি সদ্যই ‘চতুর’-এর একটা ভিডিও দেখলাম যেখানে ও বলছে, ‘থ্রি ইডিয়েটস’ নাকি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। ও একদম ভুল বলছে। ‘থ্রি ইডিয়েটস’ ছবির পরিচালক, প্রযোজক, আমি… কেউ সোনম ওয়াংচুকের কথা জানতাম না। তবে সোনম ওয়াংচুক যেটা করছেন, সেটা ভাল কাজ। তাঁকে তো ‘থ্রি ইডিয়েটস’-এর চরিত্রের মতো হওয়ার দরকার নেই। সেই প্রেক্ষাপট ও প্রয়োজন নেই। আমি ওঁকে সম্মান করি।’